দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার : মেখলিগঞ্জে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছে দুই শিশুর। বাকি তিনজন সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে গুরুতর অসুস্থ মা।
চ্যাংড়াবান্ধার তেলিপাড়া অঞ্চলের বাসিন্দা রুবিনা খাতুন আজ ভোর পাঁচটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে মেখলিগঞ্জ হাসপাতালে ভর্তি হন। সকাল সাতটা নাগাদ প্রথম সন্তানটি প্রসব করেন তিনি। এরপর একে একে আরও চারটি সন্তানের জন্ম দেন। এদের মধ্যে একটি পুত্র ও চারটি কন্যা।
জন্মের পরেই অসুস্থ হয়ে পরে দুটি শিশু। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁদের। মহকুমা হাসপাতালের ডাক্তাররা জানান, মায়ের অবস্থারও অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁদের কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।
একসঙ্গে পাঁচ সন্তানের জন্মে হতচকিত হয়ে পড়েছে রুবিনার পরিবার। দুটি সন্তানের মৃত্যু সয়ে এখন বাকিদের সুস্থ শরীরে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চলছে প্রার্থনা।