দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : দুর্গাপুজোর সময় ক্লাসরুমের মধ্যেই তিন ছাত্রীকে চুমু খেয়েছিল তিন ছাত্র। অভিযোগ পেয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে গড়িয়ে যায় বড়দিন। ডিসেম্বর মাসে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও স্কুলের বার্ষিক পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছিল তাদের। পরীক্ষার পরে আজ স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হল ওই ছাত্রছাত্রীদের।
অক্টোবর মাসে শিবপুর বি ই কলেজ মডেল স্কুলে ভরা ক্লাসঘরেই নাইনের তিনজন ছাত্র ও তিনজন ছাত্রী চুমু খায় বলে অভিযোগ। ক্লাসরুমে সেই ঘটনা ধরা পড়ে সিসিটিভিতে। অন্য ছাত্রছাত্রীদের অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখে স্কুল কর্তৃপক্ষ। এরপর পরিচালন কমিটির সদস্য ও শিক্ষকদের যৌথ সিদ্ধান্তে ওই ছাত্র ছাত্রীদের অভিভাবকদের ডেকে ট্রান্সফার সার্টিফিকেট নিতে বলা হয়।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, যে গত অক্টোবর মাসে ক্লাসের মধ্যে সহপাঠী তিন ছাত্রীকে চুমু খায় তিন ছাত্র। ক্লোজসার্কিট ক্যামেরায় সেই দৃশ্য বন্দি হওয়ায়, প্রমাণ হিসেবে অভিভাবকদের সেই ফুটেজ দেখানো হয়। গত ছাব্বিশ ডিসেম্বর স্কুলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় অভিভাবকদের। তবে ফাইনাল পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়নি ওই পড়ুয়াদের। পরীক্ষায় পাস করে ক্লাস টেনে ওঠার পর এ বার স্কুল ছাড়তে হল তাঁদের। এদের মধ্যে চারজন অন্য স্কুলে ভর্তির সুযোগ পেলেও এখনও দুজন কোনও স্কুলে ভর্তি হতে পারেনি বলে জানা গেছে।
স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস দত্ত বলেন, “প্রত্যেকটা স্কুলেরই নিয়মকানুন থাকে। তার বাইরে আমরা বেরোতে পারি না। ক্লাসের মধ্যে ওই পড়ুয়াদের চুমু খাওয়ার বিষয়টি জানার পর আমরা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেই ব্যবস্থা নিয়েছি। তবে ওদের ভবিষ্যতের কথা ভেবে বার্ষিক পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছিল।”