ল্যান্ডমাইনের পর এ বার তাজা বোমা উদ্ধার বেলপাহাড়িতে, ফের ছড়াল মাও আতঙ্ক
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: চলতি মাসের প্রথমেই ল্যান্ডমাইন ঘিরে আতঙ্ক তৈরি হয় মাও-অধ্যুষিত বেলপাহাড়িতে। এ বার ঝাড়গ্রাম জেলা শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে নেদাবহড়া গ্রামপঞ্চায়েতের আঁধারীশোল গ্রামের কাছে উদ্ধার হল চারটি তাজা বোমা। ফের উত
শেষ আপডেট: 21 September 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: চলতি মাসের প্রথমেই ল্যান্ডমাইন ঘিরে আতঙ্ক তৈরি হয় মাও-অধ্যুষিত বেলপাহাড়িতে। এ বার ঝাড়গ্রাম জেলা শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে নেদাবহড়া গ্রামপঞ্চায়েতের আঁধারীশোল গ্রামের কাছে উদ্ধার হল চারটি তাজা বোমা। ফের উত্তেজনা ছড়াল এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে হঠাৎই বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। পুলিশকে খবর দেন এলাকার বাসিন্দারা। এ দিন সকালে ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে আঁধারীশোলের ফুটবল মাঠ সংলগ্ন একটি শিশু শিক্ষা কেন্দ্রের পাশ থেকে উদ্ধার করে বোমা গুলিকে।
এক পুলিশ আধিকারিকের কথায়, চারটি তাজা বোমা এবং একটি ফাটানো বোমা উদ্ধার হয়েছে। খুব সম্ভবত সেগুলি মজুত করে রাখা হয়েছিল। নিয়ে আসার সময়েই ফেটে গিয়ে বিপত্তি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ল্যান্ডমাইন উদ্ধার বেলপাহাড়িতে, ফের ছড়াল মাও আতঙ্ক
একদা মাওবাদী প্রভাবিত এলাকা হিসেবেই চিহ্নিত ছিল এই নেদাবহড়া। এ বারের পঞ্চায়েত ভোটে নেদাবহড়া গ্রামঞ্চায়েতের ৬টি আসনের সবকটিতেই বিজেপি জিতেছে । তাই পুলিশ প্রশাসন মাওবাদী আতঙ্ককেও উড়িয়ে দিতে পারছে না।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এর আগে বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি যাওয়ার পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর নাগুড়া গ্রামের সামনে থেকে ল্যান্ডমাইন উদ্ধার করে ১৬৯ নম্বর ব্যাটেলিয়নের সিআরপিএফ জওয়ানেরা। জানা গিয়েছিল, ল্যান্ডমাইনটি সক্রিয় ছিল। যে কোনও মুহূর্তেই বিস্ফোরণ ঘটতে পারত এলাকায়।