দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হল এক তৃণমূল কংগ্রেস সমর্থককে। অভিযুক্তরা পঞ্চায়েত সদস্য বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম শাকাতু মহম্মদ (৬৫)। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইসলামপুর থানার আগডিমটিখুন্তি এলাকার মৌলানীগছ গ্রামে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৌলানীগছ গ্রামের বাসিন্দা কবীর ও পাসারুলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ওই গ্রামেরই বাসিন্দা শাকাতু মহম্মদের। আজ সকালে শাখাতু মহম্মদ নিজের বাড়িতেই বসেছিলেন। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ কবীর ও পাসারুল আলম এসে আচমকা শাখাতু মহম্মদকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শাখাতু মহম্মদ। পড়শিরা ছুটে এসে তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী। নিহত শাখাতু মহম্মদের ছেলে মমতাজ আলি জানিয়েছেন, কেন তাঁর বাবাকে গুলি করা হল তা তিনি কিছুই জানেন না। তিনি বলেন, “সকালে আমার বাবা বাড়িতেই ছিলেন, তবে অন্য কেউ সে সময় বাড়িতে ছিলেন না। আচমকা মহম্মদ কবীর ও পাসারুল আলম এসে গুলি করে পালিয়ে যায়।”
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।