দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুর: বিহারের জামুই থেকে কলকাতার বাবুঘাটে আসার পথে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল এক যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনায় একজন মারা গিয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ১৭ জন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে। আহত বাসযাত্রীদের বক্তব্য, তখন বেশিরভাগ যাত্রীই গভীর ঘুমে ছিলেন। রাত আড়াইটে নাগাদ হঠাৎই এক বিকট শব্দ শুনতে পান তাঁরা। ঘুম ভেঙে যায় তাঁদের। ততক্ষণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশ আর স্থানীয় বাসিন্দারাই আহত বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে বাসের বেশিরভাগ যাত্রীই ছিলেন শ্রমিক। কেউ কলকাতা, কেউ বর্ধমানে কাজ করতেন। বাড়িতে পুজোর ছুটি কাটিয়ে কাজ যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, মৃত যাত্রীর নাম রামানন্দ চৌহান। তাঁর বয়স পঞ্চাশের কাছাকাছি বলে জানা গিয়েছে। তাঁর বাড়িতে খবর পাঠিয়েছে পুলিশ। আহত যাত্রীদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে দীর্ঘ ছ'মাস ধরে এক্সরে মেশিন খারাপ থাকায় চরম দুর্ভোগে পড়ে যান আহত বাসযাত্রীরা। বাধ্য হয়ে কিছু বাসযাত্রীকে দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল অথবা বাইরে এক্সরে করাতে নিয়ে যেতে হয়।
পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯ - এ প্রকাশিত গল্প
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/