
শেষ আপডেট: 11 November 2022 13:27
দ্য ওয়াল ব্যুরো: ২০১৭-এর পর এবার ২০১৪ সালের টেট উত্তীর্ণদের (2014 TET) মেধাতালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। সেই তালিকায় উত্তীর্ণদের নাম ও নম্বর প্রকাশ করা হয়েছে। এমনকী হাইকোর্টের নির্দেশে প্রাথমিকের সংরক্ষিত বিভাগে ৮২ নম্বর প্রাপ্তদেরও তালিকা প্রকাশ করেছে পর্ষদ। তবে সেই তালিকা নিয়ে তৈরি হয়েছে বিভ্রাট! দেখা গেছে, তালিকায় বেশকয়েকটি প্রার্থীর নামের জায়গা ফাঁকা রয়েছে। এমনকি সংরক্ষিত তালিকায় একজনের নাম নেই। এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল (Gautam Pal) বলেন, "আমাদের হাতে এখনও সব তথ্য আসেনি। তবে সব তথ্য হাতে পেলেই ঠিক করে দেওয়া হবে।"
শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ২০১৪-র টেটের নম্বর সহ মেধা তালিকা প্রকাশ করেন পর্ষদ সভাপতি। তালিকা প্রকাশের সময় গৌতমবাবু বলেন, "আদালতের নির্দেশের পরই আমরা এই তালিকা প্রকাশ করার ব্যাপারে উদ্যোগী হই। এ বিষয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ।"
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। শূন্যপদের সংখ্যা এগারো হাজারেরও বেশি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন, এবং যাঁদের বয়স চল্লিশের নীচে তাঁরা ২০২২ সালের টেট নিয়োগে অংশ নিতে পারবেন। কিন্তু সেই পদে আবেদন করতে সমস্যায় পড়ছেন টেট উত্তীর্ণরা। এই অভিযোগ তুলে আদালতে যান তাঁরা।
সেই অভিযোগের ভিত্তিতে আদালত দ্রুত নম্বর সহ মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। পাশাপাশি ৮২ নম্বর প্রাপ্ত প্রার্থীদেরও তালিকাভুক্ত করার কথা বলে। সেই ব্যাপারে উদ্যোগ নেয় পর্ষদ। গত সোমবার ২০১৭ সালের টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছিল। শুক্রবার ২০১৪ সালের তালিকা বের করল পর্ষদ।
প্রায় চার হাজার শূন্যপদে নিয়োগ চাই দ্রুত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে