দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বাতাসে কেকের গন্ধ, বিকেলের নরম আলো নিভে এলেই তারাদের ফুটে ওঠা। দূরের সেই বরফের রাজ্য থেকে স্লেজগাড়িতে সওয়ার হয়ে পড়েছেন সান্টাক্লজ। বড়দিন এসে গেল যে!
সান্টা না এলে যে শীতই অপূর্ণ। ছোটদের সঙ্গেই তার সঙ্গ পছন্দ বড়দেরও। বড়দিনের বাজারে তাই সিংহভাগ জুড়ে থাকে সান্টাক্লজ। এ বার তো সেখানে আরও মজা। কেউ চাদর গায়ে হেলান দিয়ে বসে পা নাড়াচ্ছে। কেউ আবার পিঠে উপহারের বোঝা নিয়ে কোমর দুলিয়ে নাচতে নেমেছে। এই ড্যান্সিং সান্টায় এ বার বাজার মাত।
জলপাইগুড়ি দিনবাজারের ব্যবসায়ী বিকাশ সেন বললেন, “ব্যাটারি চালিত সান্টাক্লজ এ বছরের বিশেষ আকর্ষণ। বিকোচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়। সান্তাক্লজ শুধু নাচ করবে না, সঙ্গে বাজবে গানও। ছোটরা আসছে, আর দেদার কিনছে এই সান্টাক্লজ।”
দিনবাজারের অন্য ব্যবসায়ীরা জানালেন, খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজনের কাছে ২৫ শে ডিসেম্বর দিনটি অত্যন্ত পবিত্র। যিশু খ্রিষ্টের জন্মদিন। ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যরাও এই দিনটিকে পালন করেন। বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্র-ছাত্রীদের নানা অনুষ্ঠান রয়েছে। সেই সব ভেবেই পসরা সাজাতে হয় তাঁদের। এ বার বড়দিনের বাজারে চিন থেকে আসা জিনিসপত্রের চাহিদা সব থেকে বেশি। তারমধ্যে আবার এই ড্যান্সিং সান্টা কিনতে আগ্রহী সব ছোটরাই। তাই তাঁদেরও প্রস্তুতি রাখতে হচ্ছে।
https://www.youtube.com/watch?v=3RY3ta29WpE&feature=youtu.be