দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার : জল খেতে গিয়ে চৌবাচ্চায় পড়ে যাওয়া একটি হাতির শাবককে নিয়ে শনিবার ভোর ভোরই ব্যস্ততা শুরু হয়ে গেল ডুয়ার্সের তুলসিপাড়া চা বাগানে। মা হাতি আর তার শাবকের চিৎকারে ঘুম ভাঙে বাগানের বাসিন্দাদের। ব্যাপারটা বুঝতে পেরেই খবর দেওয়া হয় বনদফতরে। বনকর্মীরা পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় শাবকটিকে চৌবাচ্চা থেকে তুলতে সমর্থ হয়। রাতভর ঠায় দাঁড়িয়ে থাকা হাতি মা এরপর শাবককে নিয়ে ফিরে যায় জঙ্গলে।
জানা গেছে, শুক্রবার শেষ রাতে জঙ্গলে ফেরার পথে বীরপাড়ার তুলসিপাড়া চা বাগানের সাত নম্বর সেকশনে জল খেতে গিয়ে বাগানের চৌবাচ্চায় পড়ে যায় ওই হস্তি শাবক। শাবককে জল থেকে তোলার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয় তার মা। তাদের চিৎকারে ভোরবেলা ঘুম ভাঙে চা বাগানের বাসিন্দাদের। হাতির শাবকটিকে জলে পড়ে থাকতে দেখে বন দফতরে খবর দেন তাঁরা। বনদফতরের লোকজন এসে পে লোডার এনে চৌবাচ্চা ভেঙে সমস্ত জল বার করে দেয়। হাঁচোড় পাঁচোড় করে উঠে আসে হাতির ছানা। তখনই তাকে ঠেলে ঠেলে মা হাতির দিকে পাঠিয়ে দেওয়া হয়। শাবককে ফিরে পেয়ে তাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয় মা হাতি।
https://www.youtube.com/watch?v=pFnr3Uc7iPA&feature=youtu.be
এলাকাটি জলপাইগুড়ি বন দফতরের দলগাঁও ফরেস্ট রেঞ্জের অধীন। রেঞ্জার রাজীব দে বলেন, শাবকটিকে তার মা হাতি ফিরিয়ে নিয়েছে। ফলে আর চিন্তার কিছু নেই"
মানুষের ছোঁয়া পাওয়ার পরেও এ ভাবে নিজের শাবককে ফিরিয়ে নেওয়ার এমন ঘটনা নজির বিহীন বলেও মন্তব্য করেন তিনি।