
শেষ আপডেট: 20 July 2023 14:22
দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র দু'বছর দু'মাস। মুখে কথা এখনও স্পষ্ট হয়নি। তার মধ্যে গড়গড় করে সমস্ত রাজ্যের রাজধানীর নাম বলে দিচ্ছে দুর্গাপুরের (Durgapur) অভিমন্যু। ১০ মিনিটে ৯৮টি রাজধানীর নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল সে। ইতিমধ্যে অভিমন্যুকে শংসাপত্র পাঠিয়ে দিয়েছে ওই সংস্থা।
অভিমন্যুর মা সুস্মিতা নন্দী সাধারণ গৃহবধূ। বাবা সঞ্জয় নন্দী ব্যবসায়ী। সুস্মিতা জানান, ছেলের স্মৃতিশক্তি খুবই ভালো। কিছু বললে অনায়াসে সমস্তটা মনে রাখে। তাই মুখে মুখে দেশ, রাজধানী, ফুল, ফল, পাখির নাম বলা শিখিয়ে ছিলেন।
এত ছোটো বয়সে ছেলের এমন প্রাপ্তিতে খুশি সঞ্জয়ও। বিরল ক্ষমতার অধিকারী অভিমন্যুকে নিয়ে এখন গর্বিত গোটা পাড়া।