
শেষ আপডেট: 19 April 2023 10:28
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: চিত্তরঞ্জনে (Chittaranjan) রেল কোয়ার্টারে (Rail Quarter) দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ঘরের দেওয়ালের কিছুটা অংশ ভেঙে ভিতরে ঢুকে ৪২ ইঞ্চি টিভি, ইনভার্টার, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, গ্যাস ওভেন, এমনকী মেডিক্যাল পড়ুয়ার বইও (Medical books) নিয়ে গিয়েছে। সোনার গয়না, টাকাপয়সা চুরির ঘটনা বহু ঘটে। কিন্তু সাম্প্রতিককালে এমন বেপরোয়া চুরির ঘটনা ঘটেনি বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের।
ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ২৩ নম্বর শপের কর্মী বিশ্বনাথ পালের বাড়িতে। শহরের সিমজুড়ি এলাকায় ৮৪ নম্বর রাস্তার ১৩/ ২৮ বি কোয়াটার্সে পরিবার নিয়ে থাকেন তিনি। তাঁর ছেলে অর্ক পাল দমদমে থেকে কলকাতা মেডিক্যালে পড়াশোনা করেন। সেখানেই থাকেন বিশ্বনাথবাবুর স্ত্রী। দিনকয়েক আগে তিনি ছেলে-স্ত্রী'র সঙ্গে দেখা করতে দমদম এসেছিলেন। সেখান থেকে বাড়ি ফিরে দেখেন ঘরের একপাশের দেওয়াল ভাঙা। ভিতরে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে।
এরপর চিত্তরঞ্জন পুলিশকে খবর দিতেই এক সপ্তাহের মধ্যে ধরা পড়ে ভিন রাজ্যের দুই চোর। কিন্তু তারপরেও অতগুলো বইয়ের সন্ধান মিলছে না। বই লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রেল শহরে। জানা গিয়েছে, জেরার সময় দুই চোর চুরি করা বাকি সমস্ত সামগ্রী ফিরে পাওয়ার সূত্র দিতে পারলেও বই নিয়ে মুখে কুলুপ এঁটেছে। এই মেডিক্যালের বই নিয়ে দুই চোর কী করবে, তাও ভাবাচ্ছে পুলিশকে। এমন অভিনব পদ্ধতিতে চুরির ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে চিত্তরঞ্জনে।
সূত্রের খবর, বিশ্বনাথবাবু দমদম থেকে চিত্তরঞ্জনে নিজের বাড়ি ফিরে দেখেন, দরজার তালা ভাঙা। ইন্টারলক করা থাকায় তা খুলতে পারেনি চোরেরা। তাই দেওয়াল কেটেই ঢুকে পড়ে ভিতরে। মেডিক্যালের বহু দামি বই খোয়া যাওয়ার কারণে মাথায় হাত পড়ে তাঁর। শুধু পুলিশই নয়, আরপিএফও খোঁজখবর শুরু করে। এরপরই ঝাড়খণ্ডের মিহিজাম থেকে দু’জনকে হাতেনাতে পাকড়াও করা হয়। কিন্তু বইয়ের খোঁজ আর মিলছে না।
প্রচণ্ড গরমের দুপুরে ফাটল গ্যাস সিলিন্ডার! বিধ্বংসী আগুন হরিহরপাড়ায়, ছাই ১০টি বাড়ি