
শেষ আপডেট: 3 November 2023 17:00
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: পরিকল্পনা ছিল কোটি টাকারও বেশি দামে হরিণের শিং বিক্রির। খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। এরপরই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় কয়েক কোটি টাকা বাজারমূল্য়ের হরিণের শিং।
গোপন সূত্রে পুলিশ জানতে পেরেছিল, হরিণের শিং ব্যাগে ভরে দু’জন শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বাগডোগরা এলাকায় ঘুরছেন। কোটি টাকারও বেশি দামে তা বিক্রি করার পরিকল্পনা ছিল ওই দুই ব্যক্তির। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি হরিণের শিং। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে পুলিশের প্রাথমিক অনুমান।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গোবিন্দ মণ্ডল এবং প্রীতম রায়। গোবিন্দ জলপাইগুড়ির আমবাড়ির বাসিন্দা, প্রীতম থাকেন আলিপুরদুয়ারের বীরপাড়ায়। ধৃতরা বৃহস্পতিবার রাতে একটি ব্যাগে করে হরিণের শিং বিক্রি করতে নিয়ে এসেছিলেন বাগডোগরায়। এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের দলের সঙ্গে বাগডোগরা থানার পুলিশ যৌথ অভিযান চালায়। এরপরই হরিণের শিং পাচারকারী দুই অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়েন। পুলিশ যৌথ অভিযান চালিয়ে গোবিন্দ ও প্রীতমকে গ্রেফতার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তিনটি হরিণের শিং উদ্ধার করা হয়েছে।
অভিযু্ক্তদের থেকে পুলিশ জানতে পেরেছে, বাগডোগরা হয়ে নেপালে পাচার করা হচ্ছিল শিংগুলি। অভিযুক্তরা কোটি টাকারও বেশি দামে শিংগুলি নেপালের কারও কাছে বিক্রি করার চেষ্টায় ছিলেন বলে পুলিশের অনুমান। ঘটনাটির প্রসঙ্গে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানিয়েছেন, হরিণের শিং সহ দু’জনকে আটক করা হয়েছে। তাঁদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। আগামী দিনে দু’জনকেই বন দফতরের হাতে তুলে দেওয়া হবে।