দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যন্ত্রচালিত ভ্যানকে পুলিশের গাড়ির ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। আহত হয়েছেন চারজন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহারের মারনাই মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত দু'জনের নাম সুফল মুর্মু ও সোম বেসড়া। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এলাকার পাটন গ্রামে। আহতরা রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশসূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ইটাহারের মারনাই এলাকায় বিয়েবাড়িতে বাজনা বাজিয়ে ভুটভুটি করে বাড়ি ফিরছিল একটি দল। রাস্তার মোড়ে হঠাৎই ভুটভুটিটি খারাপ হয়ে যায়। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে গাড়িটি মেরামত করছিলেন ভুটভুটির চালক। সেই সময় মালদার দিক থেকে আসা পুলিশ কমিশনারেটের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভুটভুটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। আহত হন চারজন। প্রতিবাদে এলাকার বাসিন্দারা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ। প্রায় দু'ঘণ্টার চেষ্টায় ওঠে।
আহতদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।