
শেষ আপডেট: 11 August 2023 17:50
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) পর্ব মিটে গেছে। এখন জেলায় জেলায় চলছে বোর্ড গঠন। এই বোর্ড গঠনকে কেন্দ্র করে নানান ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। জয়ী বিরোধীদের প্রার্থীদের আটকাতে 'অপহরণ' করা হচ্ছে, এমন অভিযোগও উঠছে। কিন্তু উত্তর ২৪ পরগনা জেলার শিউলি গ্রাম পঞ্চায়েতে ঘটল উল্টো ঘটনা। বোর্ড গঠনের দিনেই 'উধাও' (Missing) হয়ে যান শাসক দলের জয়ী ১৯ জন তৃণমূল প্রার্থী (19 TMC winning Candidate)। যার জেরে শুক্রবার ভেস্তে যায় শপথ গ্রহণ অনুষ্ঠান। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় রাজ্যের মন্ত্রীকে।
ব্যারাকপুর-২ ব্লকের শিউলি গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৩০। এর মধ্যে একটি আসনের প্রার্থী মারা যান, সেকারণে সেখানে ভোটগ্রহণ হয়নি। বাকি ২৯টি আসনের মধ্যে তৃণমূল জয় পায় ২৪টিতে। বিজেপির ঝুলিতে ৩টি আসন, সিপিএম যেতে ২টি আসন।
এই পঞ্চায়েতে এবার সঞ্জীব ঘোষকে প্রধান হিসেবে দাঁড় করিয়েছিল তৃণমূল। এর আগে এই পঞ্চায়েতে প্রধান ছিলেন অরুণ ঘোষ। সঞ্জীবের অভিযোগ, অরুণই এমন কীর্তি ঘটিয়েছেন। সঞ্জীবের কথায়, এবারে দলীয় তালিকায় প্রধান হিসাবে অরুণের নাম ছিল না। তাই বোর্ড গঠনের সময় ১৯ জন প্রার্থীকে নিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি।
ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তিনি বলেন, 'আমি জেলা সভাপতি তাপস রায়ের নির্দেশে এখানে এসেছিল। বোর্ড গঠনের দিনে অনেকে অনুপস্থিত থাকার কারণে স্থগিত হয়ে যায়। কেউ কেউ আসেনি। কেন তাঁরা দলের নির্দেশ অমান্য করে বাইরে চলে গেলেন সেটা জানাতে হবে। বিষয়টা আলোচনা করতে হবে।' এই ঘটনা সামনে আসতে স্বভাবতই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: তিন বছরের বড় নাছোড় প্রেমিকা ধর্নায় বসল বাড়ির সামনে, পালাল প্রেমিক ও তাঁর বাবা