দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: গত ছ’মাস ধরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়েছে খেজুরির বীরবন্দর। বৃহস্পতিবার সেখানেই সভা করে বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, ‘‘এরপরেও যদি তৃণমূলের কোনও কর্মী সমর্থক আক্রান্ত হয়, তাহলে আর মিটিং করা হবে না। নন্দীগ্রামের কায়দায় জবাব হবে।’’
বললেন, ‘‘আমি ভদ্র তো ভদ্র, আর যদি অন্যকিছু করতে চাই, কী হবে সিপিএম সেটা জানে। বেশ কিছু সিপিএম নব্য বিজেপি হয়ে সন্ত্রাস চালাচ্ছে। ওরা হচ্ছে পুরনো মদ, শুধু বোতলটা নুতন, মদটা একই। প্রায় ছ’মাস ধরে খেজুরির বীরবন্দর এলাকায় সন্ত্রাস করছেন, ধৈর্য দেখাচ্ছিলাম, ভয় নয়। আজ সভা করে বলে গেলাম, এরপর কিছু করলে বরদাস্ত করব না।’’
প্রায় ছ’মাস যাবত এই এলাকায় বিজেপি-তৃণমূলের সংঘর্ষ চলছে। গত ২৫ মে খেজুরির তৃণমূল বিধায়ক রঞ্জিত মণ্ডলের উপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশও। ভাঙচুর করা হয়েছিল পুলিশের গাড়ি। তারপর থেকেই বারেবারে অশান্ত হয়েছে বীরবন্দর। পুলিশের উপর হামলার ঘটনাও ঘটেছে। ঘরছাড়া রয়েছেন তৃণমূলের স্থানীয় বহু নেতা কর্মী। এই অশান্তির আবহে আজই প্রথম বীরবন্দরে সভা করেন শুভেন্দু। বিজেপি ও সিপিএমকে রাজ্যের বিরোধী দল হিসেবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার বার্তা দিলেন তিনি। পাশাপাশি সেই পরামর্শ না শুনলে যে কড়া ব্যবস্থা নেবেন দিয়ে রাখলেন সেই হুঁশিয়ারিও।