দ্য ওয়াল ব্যুরো, বসিরহাট : ডাকাতি করতে এসে বাধা পেয়ে গৃহকর্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল ডাকাতদল। এরপর আলমারিতে রাখা লক্ষাধিক টাকা লুট করে পালায় তারা। রবিবার রাতে এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে বাদুড়িয়া ৮ নম্বর ওয়ার্ডের আড়বেলিয়ায়।
এখানকার আড়ৎদার পাড়ার বাসিন্দা ছিলেন পুষ্পরানি আড়ৎদার (৫১)। তাঁর স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকেন। রবিবার রাতে তাঁর একমাত্র ছেলেও ক্যাটারিংয়ের কাজে বাড়ির বাইরে ছিলেন। রাত বারোটা নাগাদ সেই কাজ শেষ করে বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখে কিছুটা অবাক হন তিনি। এরপর ঘরে ঢুকে মেঝেতে পড়ে থাকতে দেখেন মাকে। তছনছ হয়ে পড়েছিল ঘরের জিনিসপত্র। তাঁর ডাকাডাকিতে ছুটে আসেন পড়শিরা। জানা যায় ঘরের আলমারি থেকে উধাও হয়ে গেছে একলক্ষ টাকা। খবর পেয়ে বাদুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।
কিছুদিন ধরে বাড়িটিতে সংস্কারের কাজ চলছিল। এই জন্যে টাকা এনেও রাখা হয়েছিল বলে জানিয়েছেন পুষ্পরানির ছেলে। পুলিশের প্রাথমিক সন্দেহ বাড়িতে যারা রাজমিস্ত্রির কাজ করছিল, তারাই এই ঘটনার সঙ্গে জড়িত। সোমবার সকালে তারা কেউ কাজে না আসায় এই সন্দেহ আরও জোরদার হয়েছে। পুলিশের বক্তব্য, ডাকাতরা পুষ্পরানির চেনা। তাই তারা ঘরে ঢুকতে চাওয়ায় হয়তো বাধা দেননি তিনি। প্রতিবেশীরাও কেউ কিছু জানতে পারেননি। পরে তারা স্বমূর্তি ধরায় বাধা দেন। ডাকাতরাও পরিচয় ফাঁস হয়ে যাবে আশঙ্কায় শ্বাসরোধ করে খুন করে তাঁকে।
এখনও কেউ গ্রেফতার হয়নি। রাজমিস্ত্রিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।