
শেষ আপডেট: 5 October 2023 20:41
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সিকিম বিপর্যয়ের পর জলপাইগুড়ির তিস্তায় ভেসে আসছে মৃতদেহ। জলস্তর কমতেই একের পর এক দেহ উদ্ধার করছে পুলিশ। জেলার তিস্তা পারে থাকা মাল, ময়নাগুড়িএবং সদর ব্লকের কোতোয়ালি থানা এলাকার তিস্তার পাড় থেকে মোট ১৮ টি দেহ উদ্ধার করল পুলিশ।
এদিন উদ্ধারকাজে হাত লাগায় এনডিআরএস, সিভিল ডিফেন্স ও পুলিশ কর্মীরা। দেহগুলিকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, দেহগুলির মধ্যে সেনা কর্মীদের দেহের পাশাপাশি সাধারণ মানুষের দেহ রয়েছে।
জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন, 'বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৮ টি দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ৬ জনের নাম পরিচয় জানা গিয়েছে। ৪ জন সেনাবাহিনীর এবং ২ জন পর্যটক। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। আমরা দেহ মর্গে পাঠিয়েছি।'