দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : খবর পেয়েছিলেন বুথে গণ্ডগোল হচ্ছে ইসলামপুরের পাটাগোড়ায়। গাড়ি নিয়ে ছুটে গিয়েছিলেন দ্রুত। কিন্তু গাড়ি থেকে নেমে তিনি বুথে ঢুকতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ি ঘিরে ফেলে বলে অভিযোগ। বেপরোয়া ভাঙচুর করা হয় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়ি।
সেলিমের অভিযোগ, যে সব বুথে শান্তিপূর্ণ ভোট হয়েছে সে সব জায়গায় ছিল পুলিশ। কিন্তু সকাল থেকেই যে সমস্ত বুথ দখলের চেষ্টা করেছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা, সেখানে দেখা মেলেনি পুলিশের।
তিনি বলেন, “আমার গাড়ি ভাঙচুর হওয়ার পরে দীর্ঘক্ষণ কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পুলিশ দাঁড়িয়েছিল তালপাতার সেপাইয়ের মতো। প্রিসাইডিং অফিসারও ছিলেন অসহায়। আমি বুথ দখল হচ্ছে খবর পেয়েই গিয়েছিলাম। অনেক পরে পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ততক্ষণে আমার গাড়ি ভেঙে খানখান করে দিয়েছে দুষ্কৃতীরা।”
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ইসলামপুরের পাটাগোড়ার টেরিংবাড়ি বুথে গিয়েছিলেন সিপিএমের প্রার্থী। দুষ্কৃতীরা তাঁর গাড়িতে চড়াও হয়ে বেপরোয়া ভাঙচুর শুরু করলে ওই বুথেই আটকে পড়েন প্রার্থী। খবর পেয়ে ছুটে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁরাই প্রার্থীকে বুথ থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে দেয়।
https://www.youtube.com/watch?v=-YTc3aFyblg&feature=youtu.be