দ্য ওয়াল ব্যুরো, বীরভূম : শহরের মধ্যে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুলি চালিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বোলপুর শহরে।
ত্রিশূলাপট্টির দিশারি অ্যাপার্টমেন্টে থাকেন স্বর্ণ ব্যবসায়ী চন্দন সেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ঘরে ফেরার সময় দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। ফ্ল্যাটের নীচে গাড়ি রাখার সময় ওই ব্যবসায়ীকে মারধর করে তাঁর ব্যাগ হাতিয়ে নেয় তাঁরা। এরপর গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
চন্দনবাবু জানান, রাত ন'টা নাগাদ দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে ফ্ল্যাটে ফিরছিলেন তিনি। গাড়ি পার্কিং করার সময় দু'জন দুষ্কৃতী তাঁর মাথায় মোটা লাঠি দিয়ে আঘাত করে। তাঁর কথায়, “আমার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল তিন দুষ্কৃতী। আমি বাধা দিলে তারা আমার হাতে একটি লাঠি দিয়ে বারবার আঘাত করে। ব্যাগ আমার মুঠো ছাড়া হতেই তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলি ছুড়ছিল, তাই পিছু ধাওয়া করতে পারিনি।"
ফ্ল্যাটের নিরাপত্তা কর্মী স্বাধীনকুমার রায় বলেন, "চন্দনবাবুর চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি, তিন দুষ্কৃতী একটি ব্যাগ নিয়ে পালাচ্ছে। আমিও ওদের পিছনে ছুটেছিলাম। কিন্তু ওরা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়।”
পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বোলপুরের জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।