দ্য ওয়াল ব্যুরো : মহেশতলা আর কোন্নগরের ভৌগলিক দূরত্ব ঘুচিয়ে দিলেন দুই ‘গুণধর’ শিক্ষক। একজন শিক্ষকতা করেন স্কুলে। অন্যজন বাড়িতে। সন্তানসমা দুই ছাত্রীর উপর শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকেই। যাদের উপর তারা নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ, তারা দুজনেই চতুর্থ শ্রেণির পড়ুয়া।
সোমবার সন্ধায় কোন্নগরের গ্রিনপার্কে গৃহ শিক্ষকের বাড়িতে পড়তে যায় ক্লাস ফোরের এক ছাত্রী। তখনই তার উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। বাড়িতে গিয়ে মাকে সব জানায় ওই ছাত্রী। তারপেরই অভিযুক্ত শিক্ষক সুবিমল ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার। আজ এলাকার মানুষজন অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । চলে ভাঙচুর। পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর উপর যৌন হেনস্থার অভিযোগ উঠেছে দঃ ২৪ পরগনার মহেশতলার রামনগর প্রাথমিক বিদ্যালয়ে। গত বুধবার স্কুলের শিক্ষক অরুণ সাহা ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বেলা তিনটে নাগাদ নিজের মেয়েকে স্কুল থেকে বাড়ি আনতে গিয়ে ওই ঘটনা জেনে ফেলেন নির্যাতিতার এক সহপাঠীর মা। তারপরেই ঘটনাটি প্রকাশ্যে আসে। স্কুলের হেড মাস্টারকে জানিয়ে কোনও ফল না মেলায় মহেশতলা থানায় প্যারা টিচার অরুণ সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে মহেশতলা থানার পুলিশ। আজই ধৃতকে আদালতে তোলা হয়।