দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: বিধানসভার উপনির্বাচনের আগে নিয়মমাফিক প্রতিশ্রুতি দিলেন তপনদা। আর ‘তপনদা'র সাত প্রতিশ্রুতি’ নামে ইস্তাহার প্রকাশ করে দিলেন উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। উপনির্বাচনের আগেও ইস্তাহার! দেখেশুনে রীতিমতো অবাক কালিয়াগঞ্জের মানুষ।
শনিবার কালিয়াগঞ্জ শহরের আবাসিকা ভবনে দলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান অমল আচার্য, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল, এবং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দধিমোহন দেবশর্মা এবং কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দলের প্রার্থী তপন দেব সিংহ।
জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার মানুষের সার্বিক উন্নয়নের জন্য সাতটি ভাগে উন্নয়নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই নির্বাচনী ইস্তেহারে। গুরুত্ব দেওয়া হয়েছে নাগরিক কল্যাণ, নাগরিক প্রতিনিধিত্ব, স্বাস্থ্য পরিষেবা, পরিবহণ, পরিকাঠামো উন্নয়ন, কৃষক উন্নয়ন ও শিক্ষার অগ্রগতিতে।’’
পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডে বিধায়ককে প্রতিনিধি করা, প্রতিটি সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে নির্দিষ্ট বিধায়ক হেল্প লাইন চালু করা, প্রতি ১৫ দিনে বিধানসভা কেন্দ্রের সমস্যার কথা শুনতে বিধায়কের জন বৈঠক, কালিয়াগঞ্জ হাসপাতালে ২৫০ টি শয্যাসহ আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদান, প্রতি গ্রামপঞ্চায়েতে একটি করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা, কালিয়াগঞ্জে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসস্ট্যান্ড নির্মাণ, কালিয়াগঞ্জ থেকে কলকাতা এসি বাস পরিষেবা চালু করা সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই নির্বাচনী ইস্তেহারে। কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘কালিয়াগঞ্জের মানুষ তৃনমূল কংগ্রেসের প্রার্থী তপন দেব সিংহকে ভোটে জয়ী করলেই ইস্তেহারে প্রকাশিত সমস্ত প্রতিশ্রুতি দ্রুত পূরণ করা হবে। কালিয়াগঞ্জের মানুষের সার্বিক উন্নয়ন করবেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী।’’
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/separate-electoral-manifesto-for-tmc-in-three-bi-elections-in-west-bengal-mamata-banerjee/