ঢ্যারা পিটিয়ে সালিশি সভা, তৃণমূল নেতারা এসে বললেন, টাকা নিয়েছি, কিন্তু ফেরত দিতে পারব না
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : ঢ্যারা পিটিয়ে সালিশি সভা ডেকে কাটমানির টাকা ফেরত চাইলো গ্রামবাসীদের একাংশ। সেই সালিশি সভায় এলেও হাত জোড় করে তৃণমূল নেতারা জানিয়ে দিলেন, টাকা তাঁরা নিয়েছেন ঠিক। কিন্তু দলের কাজে খরচ হয়ে গেছে তা। তাই টাকা আর
শেষ আপডেট: 16 July 2019 13:09
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : ঢ্যারা পিটিয়ে সালিশি সভা ডেকে কাটমানির টাকা ফেরত চাইলো গ্রামবাসীদের একাংশ। সেই সালিশি সভায় এলেও হাত জোড় করে তৃণমূল নেতারা জানিয়ে দিলেন, টাকা তাঁরা নিয়েছেন ঠিক। কিন্তু দলের কাজে খরচ হয়ে গেছে তা। তাই টাকা আর ফেরত দিতে পারবেন না।
ঘটনা পূর্ব বর্ধমানের আউশগ্রামে। আবাস যোজনায় উপভোক্তাদের কাছ থেকে নেওয়া কাটমানি ফেরত চেয়ে সালিশি সভা ডাকা হয় আউশগ্রামের দেয়াশা গ্রামের ধর্মরাজতলায়। তার আগে স্থানীয় সিপিএম নেতা সমর ঘোষের নেতৃত্বে গোটা গ্রামে ঢ্যারা পিটিয়ে এই সালিশি সভায় ডাকা হয় গ্রামবাসীদের।

দুপুরের পর আয়োজিত সালিশি সভায় ডাকা হয়েছিল স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদেরও। তৃণমূল নেতা বাবলু মণ্ডল, বিনয় মণ্ডলরা সভায় এসে প্রকাশ্যেই স্বীকার করেন কাটমানি নেওয়ার কথা। তাঁরা বলেন, “দল চালানোর জন্যই আবাস যোজনায় উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। তবে জোর করে কারও কাছ থেকে টাকা নেওয়া হয়নি। তখন গ্রামবাসী বা উপভোক্তারা স্বেচ্ছায় টাকা দিয়ে ছিল।” একইসঙ্গে তাঁরা পরিষ্কার জানিয়ে দেন, নেওয়া টাকা আর ফেরত দিতে পারবেন না তাঁরা। ওই তৃণমূল নেতারা বলেন, “দলের কাজে সব টাকা খরচ হয়ে গেছে। কাজেই এখন কেউ টাকা ফেরত চাইলে তা দেওয়ার ক্ষমতা নেই আমাদের।”
এরপরেই স্থানীয় সিপিএম নেতা সমর ঘোষ কার্যত হুঁশিয়ারি দেন ওই তৃণমূল নেতাদের। তিনি বলেন, “টাকা ফেরত না দিলে ওই তৃণমূল নেতাদের জমি দখল করে সেখানে ফসল ফলানো হবে।”
এরপরেই ওই তৃণমূল নেতারা জানান, গোটা বিষয়টি দলের জেলা নেতৃত্বকে জানাবেন তাঁরা।