দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: তিনি প্রচারে যাওয়া মানেই পর্দার মানুষ জনতার ভিড়ে। তাই উদ্দীপনা তো থাকবেই। আর সেই উদ্দীপনার ঠ্যালা সামলানোও কম ঝক্কির নয়। সাধারণের সঙ্গে হাত মেলাতে গিয়ে আজ হাতটাই মুচকে গেল মিমি চক্রবর্তীর। পাশেই ছিলেন অরূপ বিশ্বাস। মিমির হাতের ব্যথা কমাতে প্রথম এগিয়ে গেলেন তিনিই।
১৮ এপ্রিল জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় ভোটগ্রহণ। মঙ্গলবার ছিল শেষ প্রচার। দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের হয়ে প্রচার করতে আজ শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ড ঘুরে বেড়ালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি নিজে কলকাতার যাদবপুর কেন্দ্রের প্রার্থী। কিন্তু আপাতত জলপাইগুড়ি ও দার্জিলিঙে ভোট প্রচারে ব্যস্ত মিমি।
আজ সকাল দশটা নাগাদ শিলিগুড়ি পুরসভার ২২, ২৩, ২৪, ২৫, ২৭, ও ২৯ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন মিমি। হুড খোলা গাড়িতে মিমিকে দেখতে উপচে পড়ছে জনতার ভিড়। তাঁর সঙ্গে একবার হাত মেলানোর জন্য চলছে রীতিমতো হুটোপাটি। আব্দার মেটাতে গিয়ে কোনও এক ভক্তের আনন্দের আতিশয্যে কোনওভাবে মুচকে যায় মিমির হাত। যন্ত্রণায় কুঁকড়ে যান তিনি। তখনকার মতো মাথায় ওঠে প্রচার। পাশে দাঁড়ানো অরূপ বিশ্বাস তড়িঘড়ি শুশ্রূষা শুরু করেন। মানে হাত বুলিয়ে দেওয়া। ততক্ষণে অবশ্য ঠাণ্ডা জলের বোতল নিয়ে হাজির কর্মী সমর্থকরা। সকলেই জল ঢেলে নায়িকার ব্যথা কমানোর চেষ্টা করছেন।
https://www.youtube.com/watch?v=EaUk_a3lfxU
এ দিন ২০ ও ২১ নম্বর ওয়ার্ডেও প্রচারে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সমন্বয়ের অভাবে তা আর হয়ে ওঠেনি। হাতের ব্যথা নিয়েই ফিরে যান মিমি।