দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : অসম থেকে কলকাতায় পাচারের পথে জলপাইগুড়ির বালাপাড়ায় প্রায় দেড় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিন পাচারকারীকে। এই নিয়ে গত এক মাসের মধ্যে দু’বার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধারে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে।
পুলিশসূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জলপাইগুড়ি তিস্তা ব্রিজের কাছে অপেক্ষা করছিল কোতোয়ালি থানার পুলিশকর্মীরা। নির্দিষ্ট নম্বরের গাড়ি আসতেই তার পিছু ধাওয়া করে গাড়িটিকে বালাপাড়ার কাছে দাঁড় করায় পুলিশ। তল্লাশি চালিয়ে দরজার ভেতর থেকে উদ্ধার হয় ইয়াবা ভর্তি প্যাকেটগুলি। গ্রেফতার করা হয় অসমের বাসিন্দা রুকমদ বিন আহমেদ ও রশিদ আলি এবং বিহারের বাসিন্দা সামিম মহম্মদকে।
জলপাইগুড়ির পুলিশসুপার অভিশেখ মোদি বলেন, “গত ২৩ সেপ্টেম্বর নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার হয়েছিল। আজ ফের দু' লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হল। ট্যাবলেটগুলি অসম থেকে কলকাতায় পাচার করা হচ্ছিল। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা।”
আগামীকাল ধৃতদের আদালতে তোলা হবে। জানা গেছে, ইয়াবা নামের এই মাদক থাইল্যান্ডে বেশ জনপ্রিয়। মায়ানমার থেকেও এই মাদক চোরাচালান হয় । পুলিশসুপার জানান, একটা আন্তর্জাতিক চক্র যে এই মাদক পাচারের সঙ্গে জড়িত, তা পরিষ্কার। তাদের খোঁজ পেতে ধৃতদের জেরা করা হবে।