রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ধুন্ধুমার মালদা মেডিক্যালে
দ্য ওয়াল ব্যুরো, মালদা: ফের রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বুধবার সকালে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর আত্মীয়-পরিজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুল
শেষ আপডেট: 13 November 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো, মালদা: ফের রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বুধবার সকালে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর আত্মীয়-পরিজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, মৃত রোগীর নাম কাইয়ুম আলি (৫৫)। তিনি কালিয়াচক থানায় সুজাপুরের বাসিন্দা। জ্বর নিয়ে মঙ্গলবার বিকেলের দিকে হাসপাতালে ভর্তি হন। মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।
কাইয়ুমের পরিবারের অভিযোগ, প্রথমে তাঁকে সংক্রমণ বিভাগে ভর্তি করা হয়েছিল। পরীক্ষা করে চিকিৎসকরা জানান তাঁর শরীরে প্লেটলেটের সংখ্যা অনেক কমে গেছে। রক্তের প্রয়োজন। কিন্তু রাত অবধি রক্ত দেওয়ার কোনও ব্যবস্থা করতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। উল্টে রোগীর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। মধ্যরাতে কাইয়ুমের মৃত্যুর খবর তাঁর পরিবারকে জানানো হয়। রোগীর এক আত্মীয়ের কথায়, ‘‘সঠিক সময় রক্ত দেওয়া হয়নি বলেই মৃত্যু হয়েছে কাইয়ুমের। নিরাপত্তারক্ষীরা ভিতরে কাওকে ঢুকতে দিচ্ছিলেন না। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা এর জবাব চাই। ’’
https://www.youtube.com/watch?v=-Jb_nh9wQAs
আজ সকাল থেকেই রোগীর আত্মীয়দের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। ভাঙচুর করা হয় হাসপাতালের কম্পিউটার, টেবিল, চেয়ার। ইটের ঘায়ে ভেঙে ফেলা হয় জানলার কাঁচ। আতঙ্ক ছড়ায় হাসপাতালে ভর্তি বাকি রোগীদের মধ্যে। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যান হাসপাতালের নিরাপত্তারক্ষীরাও। জরুরি বিভাগের সামনে সহায়তা কেন্দ্রের অফিস ঘরে ঢুকে তাণ্ডব চালান রোগীর আত্মীয়রা।
পুলিশ জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের লোকজন। অন্যদিকে, হাসপাতালের সম্পত্তি নষ্ট করার অভিযোগে রোগীর পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন হাসপাতাল কর্তৃপক্ষও।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন