দ্য ওয়াল ব্যুরো, হুগলি : সোশ্যাল মিডিয়ার দৌলতে হারানো ছেলেকে ফিরে পেলেন বৈঁচির বাসিন্দা দুলাল বিশ্বাস। প্রায় দশ মাস পরে। রাজস্থানের আজমেঢ় থেকে।
পড়াশোনা না করায় বকাবকি করেছিলেন ছেলেকে। তাতেই অভিমানে ঘর ছেড়েছিল ক্লাস সিক্সের পড়ুয়া শঙ্কর। এরপর ঘুরতে ঘুরতে বৈঁচি থেকে বর্ধমান। সেখান থেকে কী ভাবে যেন রাজস্থান। আজমেঢ়ের একটি হোমে ঠাঁই হয়েছিল তার।
এ দিকে বৈঁচিতে ছেলের খোঁজে হন্যে হয়ে ঘুরছিলেন দুলালবাবু। যেখানেই সামান্যতম সূত্র পেয়েছেন ছুটে গিয়েছেন। কিন্তু খোঁজ মেলেনি। পুলিশ প্রশাসনের দরজাতেও বহুবার কড়া নেড়েছেন। অবশেষে কয়েকজন শুভানুধ্যায়ীর পরামর্শে ফেসবুকে ছেলের ছবি দিয়ে তাঁর খোঁজ দেওয়ার আবেদন জানান তিনি। কিছুদিন আগে দুলালবাবুর মোবাইলে একটি ফোন আসে। জানানো হয় তাঁর ছেলে আজমেঢ়ের একটি হোমে রয়েছে।
টেলিফোনেই ছেলের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েই তিনি ছুটে যান স্থানীয় থানায়। এখানকার পুলিশকে সঙ্গে নিয়েই রওনা হন রাজস্থান। ন’দিন ধরে আইনি প্রক্রিয়া শেষ করার পর আজমেঢ় শরিফের দরগায় মাথা ঝুঁকিয়ে মঙ্গলবার ফিরে আসেন তিনি। এরপর চুঁচুড়া আদালতের মাধ্যমে হারানো ছেলেকে ফিরে পান। তাই দশ মাসের অন্ধকারের পরে বৈঁচির বিশ্বাস পরিবারে এখন শুধুই আলো।