দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভগবানপুরের পশ্চিমবাড় এলাকায়। পুলিশ জানিয়েছে ওই যুবকের নাম বিশ্বজিৎ বাগ (৩০)। বাড়ির কাছে একটি ইটভাটার কাছ থেকে মঙ্গলবার রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। ভগবানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মহম্মদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নিমকবাড় গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
পুলিশসূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ন’টা নাগাদ মাসতুতো ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন বিশ্বজিৎ। ভগবানপুরের পশ্চিমবাড় এলাকায় কিছু দুষ্কৃতী ঘিরে ধরে তাঁদের। অভিযোগ, প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বিশ্বজিতের ভাইকে। আর মুখে কাপড় বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় বিশ্বজিৎকে। তাঁর ভাই বাড়িতে এসে খবর দিলে সবাই তাঁর খোঁজে বের হয়। মুষলধারে বৃষ্টি পড়ছে তখন। ঘণ্টাখানেক পরে একটি ইটভাটার কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় ভগবানপুর হাসপাতালে। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভগবানপুরের তৃণমূল ব্লক সভাপতি মদন পাত্র বলেন, লোকসভা ভোট হয়ে যাওয়ার পর থেকেই গোটা এলাকায় বিজেপির সন্ত্রাস চলছে। ভোটের সময়েও একবার হামলা হয়েছিল তাঁদের সক্রিয় কর্মী বিশ্বজিতের উপর। সে বার কোনওমতে প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু এ বার আর তা হল না। ওকে খুন করেই ছাড়ল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের ভগবানপুর ব্লকের সভাপতি দেবব্রত কর বলেন, বিজেপির দিকে মিথ্যে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। তৃণমূলের মধ্যেই অনেক উপদল। দলের কাজিয়াতেই খুন হয়েছেন ওই তৃণমূল কর্মী।
এই ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ভগবানপুর থানার পুলিশ।