দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: শিক্ষক, কলেজ কর্মীদের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষে বৃহস্পতিবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় ডেবরা কলেজ চত্বর। অভিযোগ,নতুন অধ্যক্ষ রূপা দাসকে এ দিন কলেজে ঢুকতে বাধা দেয় পড়ুয়ারা। যার থেকেই গন্ডগোলের সূত্রপাত। ঘটনায় বহিরাগত তৃণমূল ছাত্রপরিষদের কর্মী, সমর্থকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন কলেজ কর্তৃপক্ষ।
কলেজ কর্তৃপক্ষের কথায়, নতুন অধ্যক্ষ রূপা দাসের আজকেই দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রবিক্ষোভের কারণে তিনি কলেজের ভিতর ঢুকতেই পারেননি। কলেজের দরজা আগলে, রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছিল পড়ুয়ারা। এই বিক্ষোভের জেরে ফিরে যেতে হয় মহকুমা শাসক সুদীপ সরকারকেও।
সুদীপবাবু বলেছেন, "চূড়ান্ত অসভ্যতা চলছে কলেজে। আজ আর কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাই ফিরে যাচ্ছি।" কলেজ কর্মীদের সঙ্গে দফায় দফায় সাংঘর্ষ বাধে ছাত্রদের। অভিযোগ, শিক্ষকদের সঙ্গেও ঝামেলা শুরু করে দেয় বিক্ষোভকারীরা। ঘটনায় চার জন ছাত্রের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।
https://www.youtube.com/watch?v=V-u3aQsPvOI
ঘটনার সূত্রপাত এক বছর আগে। আন্দোলনকারীদের দাবি, কলেজের প্রধান করণিক ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেন। প্রতিবাদ জানিয়েও কোনও ফল হয়নি। খড়্গপুরের মহকুমা শাসক সুদীপ সরকারকেও প্রধান করণিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানান পড়ুয়ারা। কিন্তু, তিনিও নাকি সে কথায় কর্ণপাত করেননি। তাই ক্ষোভের আগুন জ্বলছিল গত এক বছর ধরেই। আজ যখন প্রধান অধ্যক্ষ কলেজের দায়িত্ব নিতে আসেন তখনই পুরনো দাবি মেটানোর জন্য বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা। মহকুমা শাসককেও ঘিরে ধরে চলে বিক্ষোভ।
বিক্ষোভের প্রতিবাদে কলেজের সামনেই অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ধর্ণায় বসেছেন নতুন অধ্যক্ষ রূপা দাস। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।