দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : বাড়িতে তালা দিয়ে মেয়ের বাড়িতে গিয়েছিলেন এক প্রৌঢ় দম্পতি। বাড়ি ফিরে এসে দেখলেন সমস্ত তছনছ। আলমারি ভেঙে লুঠ হয়ে গেছে বাড়িতে রাখা প্রায় সাত লক্ষ টাকার সোনার গয়না। সঙ্গে ৭০ হাজার টাকা নগদ। দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটেছে বারাসতের নবপল্লিতে।
নবপল্লির সবুজ সরণীতে বাড়ি সুব্রত সেনগুপ্তর। শনিবার রাতে স্ত্রীকে নিয়ে কলকাতার মুকুন্দপুরে মেয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। রবিবার রাতে ফিরে এসে দেখেন বাড়ি পুরো তছনছ। আলমারি ভাঙা। খোয়া গিয়েছে আলমারির লকারে থাকা প্রায় সাত লক্ষ টাকার গয়না। সঙ্গে উধাও সত্তর হাজার টাকাও। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। জানান আত্মীয় ও পড়শিদেরও।
সুব্রতবাবু বলেন, “বাইরে থেকে তালা খুলেই ঘরে ঢুকেছি আমরা। এরপরেই শোওয়ার ঘরে ঢুকে দেখি সমস্ত তোলপাড়। আলমারি ভাঙা। খোয়া গিয়েছে মুল্যবান সমস্ত কিছুই। পরে রান্নাঘরে গিয়ে দেখি জানলার রড ভাঙা। অর্থাৎ সেখান দিয়েই ঢুকেছিল চোরের দল। পুলিশকে সমস্তই জানিয়েছি।”
এজি বেঙ্গলে কর্মরত ছিলেন গৃহকর্তা সুব্রতবাবু। এখন অবসর নিয়েছেন। দীর্ঘদিন এ পাড়ায় তাঁর বাস। আগে কোনওদিন এমন অভিজ্ঞতার মুখে পড়তে হয়নি বলে জানালেন তিনি। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্তদিক খতিয়ে দেখা হচ্ছে।