
শেষ আপডেট: 12 October 2019 14:18
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে বেলদার একটি মেস থেকে তাঁর দেহ মেলে।
জানা গেছে, বেলদা কলেজের এক অধ্যাপকের অধীনে অঙ্কে পিএইচডি করছিলেন প্রিয়দীপ দাস (২৮)। তাঁর বাড়ি কেশিয়াড়ি থানার ধলবেলুন গ্রামে। তবে বেলদাতে একটি মেসে থেকে পড়াশোনা করতেন তিনি। শনিবার দুপুর তিনটে নাগাদ মেসের ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
তাঁর বন্ধুদের বক্তব্য, কয়েক দিন ধরেই একদম চুপচাপ হয়ে গিয়েছিলেন প্রিয়দীপ। কারও সঙ্গেই বিশেষ কথা বলতেন না। বরাবর শান্ত প্রকৃতির ছেলে হলেও এখন তাঁর এমন পরিবর্তন নজরে আসছিল সবারই। প্রিয়ব্রতর দাদা জানান, সম্প্রতি কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় ভাল ফল করতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। এরজন্য একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবারও বাড়ি গিয়েছিলেন প্রিয়দীপ। সেখানে সবার সঙ্গে মোটের উপর স্বাভাবিক ব্যবহার করেন। তাই এমন কাণ্ড ঘটিয়ে ফেলবেন এমন আশঙ্কা করেননি কেউ। বাড়িতে প্রিয়দীপের বাবা-মা ছাড়াও রয়েছেন দাদা ও ভাই।
পরিবারের সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই মেধাবী ছাত্র। তবুও সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।