দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া : হাতির তাড়া খেয়ে উঁচু গাছে উঠে পড়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। শিকড়সুদ্ধ গাছ উপড়ে ফেলে বলরামপুরের পারদা গ্রামের এক বাসিন্দাকে পিষে মারল হাতি। দলে বেশ কয়েকটি শাবক থাকায় অতি সতর্ক হাতির দলটি। তাদের এমন আচরণ তারই প্রকাশ বলে মনে করছেন বন দফতরের কর্তারা।
বুধবার সকালে পারদা গ্রামে হানা দেয় প্রায় ১৪টি হাতির একটি দল। বন দফতরের কর্মীরা দলটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছিল। এই সময় কোনওভাবে তাদের সামনে পড়ে গিয়ে পালানোর চেষ্টা করেন ওই গ্রামের বাসিন্দা ষষ্ঠী কালিন্দী (২৭)। প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়েন ষষ্ঠী। তারপরেই শুঁড়ে জড়িয়ে শিকড়সুদ্ধ গাছটিকে উপড়ে ফেলে ওই যুবককে পিষে মারে দলের একটি দাঁতাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
গত কয়েক দিন ধরেই ঝাড়খণ্ড থেকে আসা একটি হাতির পাল দাপিয়ে বেড়াচ্ছে বান্দোয়ান, বাঘমুন্ডি, আড়শা, বড়াবাজারে। ফসলের ক্ষতি করলেও এতদিন প্রাণহানি ঘটায়নি তারা। বনদফতরের কর্তারা জানান, প্রায় ১৪টি হাতি রয়েছে ওই দলে। এরমধ্যে তিনটি শাবক। তাই গতি খুবই শ্লথ দলটির। দিনভর লাগোয়া জঙ্গলের কাছাকাছি থাকলেও সন্ধ্যে নামতেই হানা দিচ্ছে লোকালয়ে। ইতিমধ্যেই জেলার প্রায় ২৫ হেক্টর জমির ফসল নষ্ট করেছে এই হাতির পাল।