দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: প্রতিবেশী বৃদ্ধের গলার সোনার চেন এবং হাতের আঙটির দিকে বরাবরই লোভ ছিল এক যুবক ও তার স্ত্রীর। সুযোগ বুঝে সেই বৃদ্ধকে বাড়িতে ডেকে এনে খুন করে চম্পট দেয় তারা। রবিবার ঘটে যাওয়া এই ঘটনার পর আজ, মঙ্গলবার ওই বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার খ্রীষ্টানপাড়া এলাকায়। মৃতের নাম বাদল মণ্ডল (৭৫)। গত রবিবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ঘটনায় অভিযুক্ত রকি এবং তার স্ত্রীকে খুঁজছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বাদলবাবু সন্ধের পর রাস্তায় পায়চারি করতেন। তাঁর হার্টের অসুখ ছিল। তাও লুকিয়ে বিড়ি খেতেন। ঘটনার দিনও রাস্তায় হাঁটছিলেন তিনি। সেই সময় তাঁকে বিড়ির লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় রকি। নিজের ঘরে ঢুকিয়ে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করে বাদলবাবুকে। পরে, সে ও তার স্ত্রী মিলে মৃতদেহ মাদুর দিয়ে মুড়িয়ে চৌকির নীচে ফেলে রেখে বাড়ি তালা বন্ধ করে পালিয়ে যায়।
বাদলবাবু বাড়ি না ফেরায় পুলিশে নিখোঁজ ডায়রি করে তাঁর পরিবার। পাশেই রকির বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে সেখানে তালা ভেঙে ঢুকে বৃদ্ধের দেহ উদ্ধার করে পুলিশ। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, লোভের কারণেই এই খুন করেছে রকি ও তার স্ত্রী। বৃদ্ধের পরিবার থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছেন, এই ঘটনার পরই কার্যত বেপাত্তা রকির পরিবার। তবে, খুব তাড়াতাড়ি তাদের ধরে ফেলা হবে বলে জানিয়েছে পুলিশ।