
শেষ আপডেট: 4 March 2023 10:04
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা তথা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে (Koustav Bagchi) গ্রেফতার করে কলকাতা পুলিশ। শনিবার সকালে তাঁকে ব্যারাকপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। যা নিয়ে সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। থানা ও আদালতের বাইরে কংগ্রেস কর্মীদের ভিড় ছিল। কৌস্তভকে শনিবার দুপুরে আলিপুরের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। এজলাসে যেখানে মামলা চলছিল কৌস্তভের সেখানেই উপচে পড়ে আইনজীবীদের ভিড়। কৌস্তভের হয়ে গলা ফাটাতে থাকেন তাঁরা। দাবি তোলেন যেকোনও শর্তে জামিন দিতে হবে কংগ্রেস নেতাকে।
প্রসঙ্গত, সাগরদিঘির ফল ঘোষণার দিন অধীর চৌধুরীর মেয়ের আত্মহত্যার প্রসঙ্গ টেনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা হিসেবে দীপক ঘোষের বইয়ের পাতা উল্টে মমতাকে নিশানা করেছিলেন কৌস্তভ। শনিবার কাকভোরে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। টানা কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সকাল সাড়ে আটটা নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে।
কৌস্তভকে সকালে গ্রেফতার করে বটতলা থানায় নিয়ে আসা হয়। থানার বাইরে ছিলেন কংগ্রেস সমর্থকরা। অবিলম্বে তাঁকে মুক্তির দাবি তোলা হয়। এদিন দুপুর গড়াতে আলিপুর আদালতে নিয়ে আসা হয় কংগ্রেস নেতাকে।
কৌস্তভের হয়ে এজলাসে ঢুকে পড়েন ১০০ জন আইনজীবী। তুমুল হট্টগোল শুরু হয় সেখানে। কৌস্তভের জামিনের জন্য আওয়াজ তোলেন তাঁরা। আদালত সূত্রে খবর, কিছুক্ষণ পরেই শুনানির মধ্যেই এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক।
প্রায় ঘণ্টা খানেক কৌস্তভের গ্রেফতারি মামলার শুনানি স্থগিত ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের শুনানি শুরু হয়। কৌস্তভের হয়ে এদিন আদালতে সওয়াল করছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। পুলিশ ১০ মার্চ পর্যন্ত নিজেদের হেফাজতে চাওয়া হয়েছে।
শীজান খানকে জামিন দিল কোর্ট, তুনিশা শর্মার মৃত্যু নিয়ে কী বলছে পুলিশ