
শেষ আপডেট: 11 November 2022 12:43
দ্য ওয়াল ব্যুরো: টিভিতে বাচ্চাদের খেলার অনুষ্ঠান (TV program) দেখার সময় তা অনুকরণ করতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ফেলার ফলে মৃত্যু হল (died) এক ১০ বছর বয়সি শিশুর।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদ থানার বিশপুর গ্রাম পঞ্চায়েতের বাইলানি গ্রামে। মৃত শিশুটির নাম অঙ্কন মণ্ডল। ১০ বছর বয়সি অঙ্কন স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। অঙ্কনের বাবা রামকৃষ্ণ মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, মা সুপ্রিয়া গৃহবধূ। বৃহস্পতিবার বিকেলে কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন রামকৃষ্ণবাবু। অন্যদিকে, স্কুলে অভিভাবক-শিক্ষক মিটিংয়ে গিয়েছিলেন সুপ্রিয়াদেবী। সেই সময় বাড়িতে একাই টিভি দেখতে দেখতে খেলা করছিল অঙ্কন।
পরিবারের লোকজন কাজ শেষে বাড়ি ফিরে এসে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে (hanging) অঙ্কন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে হাসনাবাদ পুলিশের অনুমান, টিভিতে দেখা কোন খেলার অনুকরণ করতে গিয়েছিল অঙ্কন। তা করতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস লাগানোর পরেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে মনে করছে পুলিশ। তবে এর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে।
ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মর্মান্তিক দুর্ঘটনাটির খবর পাওয়া মাত্রই অঙ্কন যে স্কুলের পড়ুয়া ছিল, সেখানে ছুটি ঘোষণা করে দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি উত্তম দাস জানিয়েছেন, অঙ্কন একজন কৃতী ছাত্র ছিল। এই প্রকারের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য একটি সচেতনতামূলক প্রচার করবেন বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের টিভিতে এই ধরনের অনুষ্ঠান দেখার সময় সচেতন থাকার বিষয়ে বোঝানো হবে বলে জানিয়েছেন উত্তমবাবু।
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ সিভিক ভলান্টিয়ার স্বামীর বিরুদ্ধে, আটক বৃহস্পতিবার রাতেই