দ্য ওয়াল ব্যুরো: জলদাপাড়া সাফারি জিপের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ একটি মিনি ট্রাকের। দুর্ঘটনায় গুরুতর জখম ১০ জন কলেজ ছাত্রী। আশঙ্কাজনক ২। শুক্রবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটে মাদারিহাট জলদাপাড়া লজের সামনে।
উত্তর চব্বিশ পরগনার এম আর কলেজ অফ এডুকেশন থেকে প্রায় ৮৬ জন ছাত্রীর একটি দল জলদাপাড়ার জঙ্গলে ঘুরতে এসেছিলেন। এ দিন ভোরে কয়েকটা সাফারি জিপে চেপে তাঁরা জঙ্গলে ঢোকেন। সাফারি সেরে ফেরার পথেই এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, জঙ্গল সাফারি সেরে জলদাপাড়া লজে ফেরার জন্য সাফারি জিপগুলো ৩১ নম্বর জাতীয় সড়কে ওঠে। সেখানেই একটি জিপকে মুখোমুখি ধাক্কা মারে ট্রাক। দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ভিতরে ছিলেন ছ’জন যাত্রী আর তাঁদের গাইড। তাঁরা সকলেই গুরুতর জখম হন। ট্রাকের ধাক্কায় গাড়িটি উল্টে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা চার জন ছাত্রীও জখম হয়েছেন। স্থানীয়রাই ছুটে এসে সকলকে উদ্ধার করেন।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আহতদের প্রথমে মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ভর্তি করা হয় বীরপাড়া হাসপাতালে। ছাত্রীদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।
ঘাতক ট্রাক ও তার চালক পলাতক। পুলিশ জানিয়েছে, ট্রাকটি দুরন্ত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জিপটিকে। দুর্ঘটনার পরই ট্রাকের গতি বাড়িয়ে পালিয়ে যায় চালক। তার খোঁজ চলছে।