দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন সহ এক কেজি ঘি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার ভোটের প্রচারে রায়বরেলিতে গিয়ে এমনটাই দাবি করেছেন তিনি।
অখিলেশ বলেছেন, "দরিদ্ররা যাঁরা রেশন পাচ্ছে, তাঁরা নির্বাচন পর্যন্তই এটি পাবে। নির্বাচনের পরে এটি পাওয়া যাবে না। আগে নভেম্বর পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু যখন উত্তরপ্রদেশে নির্বাচন ঘোষণা করা হয়, তখন তারা বলল মার্চ পর্যন্ত রেশন পাওয়া যাবে। দিল্লির বাজেটেও রেশনের জন্য আলাদা তহবিল বরাদ্দ করা হয়নি। কারণ তারাও জানে যে ইউপি-র নির্বাচন মার্চেই শেষ হয়ে যাবে।"
এরপরই অখিলেশ যাদব বলেছেন, "সমাজবাদী পার্টি আগেও রেশন দিয়েছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সরকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই গরিবদের জন্য ফ্রি রেশন দেওয়া হবে। এর সঙ্গে সর্ষের তেল এবং বছরে দুটি সিলিন্ডারও দেওয়া হবে। পাশাপাশি গরিব জনগণের স্বার্থের দিকে নজর রেখে এক কেজি ঘি-ও দেওয়া হবে।"
পাশাপাশি সপা প্রধানের অভিযোগ, "বিজেপি সরকার যে রেশন দেয় তার গুণমান খুব একটা ভাল নয়।" তিনি অভিযোগ করেছেন, নুনের মধ্যে কাঁচের মতো জিনিসও পাওয়া গিয়েছে সেখানে।
তবে শুধুই রেশন বা ঘি দেওয়ার চমকদারি প্রতিশ্রুতি নয়, বেকার যুবকদের সরকারি চাকরি দেওয়ারও কথা দিয়েছেন তিনি। অখিলেশ বলেছেন, "উত্তরপ্রদেশে ১১ লক্ষ পদ ফাঁকা রয়েছে। সমাজবাদী সরকার রাজ্যে ক্ষমতায় আসলে সেইসব পদ দ্রুত পূরণ করা হবে।"