
শেষ আপডেট: 6 March 2023 06:13
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রামের (Jhargram) মানুষ। আবারও হাতির (elephants) আক্রমণে গুরুতর জখম (attack) হলেন এক ব্যক্তি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকায়।
বনদফতর সুত্রে জানা গিয়েছে আহত ওই ব্যক্তির নাম জিতু হেমব্রম। বাড়ি বড়ঘড়াপাড়া গ্রামে। সোমবার সকালে ওষুধ কেনার জন্য কুলটিকরী বাজারে যাচ্ছিলেন জিতু হেমব্রম। সেই সময় কুলটিকরী হাটচালা এলাকায় একটি দলছুট দাঁতাল হঠাৎ করে ঢুকে পরলে জিতুবাবু তার সামনে পড়ে যান। বিপদ বুঝেই তিনি পালানোর চেষ্টা করেন। কিন্তু হাতিটি তাঁকে শুঁড়ে ধরে আছাড় মারে। গুরুতর আহত হন তিনি।
ঘটনা কী ঘটতে চলেছে আন্দাজ করেই স্থানীয় মানুষজন প্রবল চিৎকার শুরু করে। এতে হাতিটি জিতু কে ছেড়ে জঙ্গলে চলে যায়। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা করে পাঠানো হয় ঝাড়্গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় এলাকাবাসী।
বিনপুরের নেপুরাতে সোমবার ভোরে তাণ্ডব চালায় দলমার দাঁতালের দল। হুলা পার্টির তাড়া খেয়ে ২০-২২ টি হাতির একটি দল নেপুরা গ্রামে ঢুকে পড়ে। ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সামনে হাতির দল দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।পরে মাঠে আলুর খেতে আলু খেয়ে পাড়িয়ে নষ্ট করে হাতির দল। পরে মালাবতির জঙ্গলের দিকে চলে যায় দলটি। রবিবার সন্ধ্যা থেকেই ঝাড়গ্রাম বনবিভাগের,লোধাশুলি রেঞ্জের বাঁকশোল জঙ্গলে দলমার ২৫-২৭টি হাতির উপস্থিতিতে আতঙ্কে অস্থির এলাকাবাসী।রাতেই বন দফতরের হুলা পার্টি দলটিকে ড্রাইভ করে ৬ নম্বর জাতীয় সড়ক পার করে পাটাশিমুল,বৈতা গোবিন্দপুর হয়ে সুবর্ণরেখা নদীর দিকে নিয়ে যায়।
একদিকে হাতির দল, অন্যদিকে দলছুট হাতি। জোড়া হাতির হামলায় নাজেহাল ঝাড়গ্রামবাসী।
বিসি রায়ে ফের দুই শিশুর মৃত্যু, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে