
শেষ আপডেট: 13 April 2023 02:14
দ্য ওয়াল ব্যুরো: বৈশাখ মাস পড়ার আগেই প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা গোটা বাংলার। ইতিমধ্যে বিভিন্ন জেলায় দুপুরের দিকে লু বইছে। এমতাবস্থায় তীব্র গরম (heat) সহ্য করতে না পেরে মৃত্যু হল এক গাড়ি চালকের (driver)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জাজেস কোর্টে (Alipur Judges Court)। তাঁকে উদ্ধার করে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত ঘোষণা করেন ডাক্তাররা।
জানা গিয়েছে, অতিরিক্ত গরমের জেরে বুধবার দুপুরে সমীর চৌধুরী (৭০) নামের ওই গাড়িচালকের মৃত্যু হয়েছে। তিনি বাটানগরের বাসিন্দা। আলিপুর জাজেস কোর্টের এক আইনজীবীর গাড়ি চালাতেন। সূত্রের খবর, চালকের আসনে বসেই অজ্ঞান হয়ে পড়েন সমীরবাবু। এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় কোর্ট চত্বরে।
প্রচণ্ড গরমের কারণেই ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান চিকিৎসকদের। গত কয়েকদিনের অত্যাধিক গরমে রীতিমতো নাজেহাল রাজ্যবাসী। বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিরা এইসময় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যেহেতু বেলা সাড়ে দশটা-এগারোটা থেকেই কাঠফাটা রোদে চড়া গরম পড়তে শুরু করেছে, তাই এইসময় খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে একপ্রকার নিষেধই করা হচ্ছে।
এরমধ্যেই আজ, বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। যেখানে ক্যালেন্ডার অনুযায়ী, গরম পড়তে এখনও ক'দিন বাকি থাকার কথা, সেখানে এখনই আগুন ঝরাচ্ছে সূর্য। কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। আবহাওয়া দফতর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সর্তকবার্তা জারি করেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই আশঙ্কা।
চৈত্রেই ৪০ ডিগ্রি, পুড়ছে বাংলা, গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত রাজ্য সরকারের