
শেষ আপডেট: 19 April 2023 08:01
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: কয়লা মাফিয়া রাজু ঝা (Raju Jha) খুনের ১৯ দিনের মাথায় প্রথম গ্রেফতার। পুলিশের জালে ধরা পড়ল এক অপরাধী। সূত্রের খবর, ধৃতের নাম অভিজিৎ মণ্ডল। মঙ্গলবার ভোরে তাঁকে দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি কাঁকসার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, অভিজিৎ দুর্গাপুর-আসানসোলের এক কুখ্যাত কয়লা মাফিয়ার গাড়ি চালক।
তদন্তকারী অফিসাররা জানান, রাজু ঝা'কে খুন করার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন অভিজিৎ। গোটা ঘটনার পরিকল্পনাও নাকি করেছিলেন এই ব্যক্তিই। ঘটনার পর থেকেই নানা সূত্র ধরে তাঁর খোঁজ চালানো হচ্ছিল। অবশেষে ঘটনার ১৯ দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতকে এদিন বর্ধমান আদালতে তোলা হয়েছে। সেখানে অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ১ এপ্রিল শক্তিগড়ে জাতীয় সড়কের উপর ল্যাংচার দোকানের সামনে পরপর গুলি চালিয়ে খুন করা হয়েছিল কয়লা মাফিয়া রাজু ঝা'কে। সেসময় একটি সাদা ফরচুনা গাড়ির সামনের আসনে চালকের পাশে বসেছিলেন রাজু। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘটনার কিছুক্ষণ আগে নীল রঙের একটি ব্যালেনো এসে দাঁড়িয়েছিল ফরচুনারের পিছনে। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই আচমকা ব্যালেনো থেকে তিনজন নেমে এসে এলোপাথাড়ি গুলি চালান।
ঘটনাস্থলেই ম়ৃত্যু হয় রাজুর। পাশাপাশি তাঁর সহকারী ব্রতীন মুখোপাধ্যায়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরই সিট গঠন করে তদন্ত শুরু করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। অবশেষে সেই হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত।
ফের আগুনের গ্রাসে হাওড়া! বারবার অগ্নিকাণ্ডে ষড়যন্ত্রের অনুমান ব্যবসায়ীদের