দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : মিষ্টি কিনতে দোকানে ঢুকলেই স্বাগত জানাচ্ছেন ধোনি আর বিরাট কোহলি। ধাতস্থ হয়ে তখনই অবশ্য মনে পড়ছে, তাঁরা তো ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ জয়ের বীজ বুনছেন। চোখ টোখ কচলে নিয়ে এরপর ইতিউতি এগিয়ে যাচ্ছেন অনেকেই। হঠাৎ এসে পড়ে, অবাক হয়ে যাচ্ছেন কেউ। আবার জেনেশুনেই দেখতে ছুটে আসছেন যাঁরা, মজা নিচ্ছেন যতক্ষণ পারা যায়।
মধ্য হাওড়ার মিষ্টির দোকানে ধোনি আর বিরাট কিন্তু আগাগোড়া খোয়া ক্ষীরে মোড়া। বিশ্বকাপের তাত বাড়াতেই নাকি এমন ভাবনা, জানালেন দোকানের ক্রিকেটপ্রিয় মালিক কেষ্ট হালদার।
আজ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছে ভারত। তার আগেই সকাল সকালই ক্ষীর দিয়ে দুই ইন্ডিয়ান আইডলের মূর্তি বানানো শেষ হয়েছে এই দোকানে। তার জন্য ১০ জন কারিগর টানা পাঁচদিন দিন রাত এক করেছেন। কেষ্টবাবু জানালেন, চারশো লিটার দুধ, ২২ কেজি চিনি আর ৯০ কিলো খোয়া লেগেছে ধোনি আর বিরাটের মূর্তি তৈরি করতে। ধোনি পাঁচ ফুট আট ইঞ্চি আর বিরাট পাঁচ ফুট সাত ইঞ্চি। দুয়েরই ওজন প্রায় ৪৫ কিলো করে। খেলা শুরু হয়ে যাওয়ার পরেও টিভির পর্দা থেকে চোখ সরিয়ে এলাকার মানুষজন চলে আসছেন মিষ্টির দোকানে। সন্দেশের ধোনি আর বিরাটকে দেখতে।
https://www.youtube.com/watch?v=hq50TeGTNSQ&feature=youtu.be
শেষপর্যন্ত কী করবেন এই সন্দেশের মূর্তি?
কেষ্টবাবু বললেন, “কেউ যদি কিনতে চায় বিক্রি করে দেব। ধরুন কোনও ক্লাব নিতে চাইল। ৪০ হাজার টাকা করে একেকটা মূর্তির দাম নেব।”
আর যদি কেউ কিনতে এগিয়ে না আসে?
ধোনি ও বিরাটের ভাগ্য নিয়ে অবশ্য এখনই নেতিবাচক কিছু ভাবতে রাজি নন কেষ্টবাবু।