দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : মাস তিনেক আগে রাস্তার একটি কুকুর কামড়েছিল তাঁকে। টিটেনাস ইঞ্জেকশন দিয়েই ডাক্তার বলে দিয়েছিলেন অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেওয়ার কথা। কিন্তু সে পথে না হেঁটে নিজের মতো করে রসগোল্লার সঙ্গে থানকুনি পাতা বাটা মিশিয়ে খান ডুয়ার্সের বাসিন্দা আব্দুল কাদের (২৮)। ফলশ্রুতি যা হওয়ার তাই হল। জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হল এই যুবকের।
ডুয়ার্সের প্রত্যন্ত এলাকা চুইয়া বস্তির বাসিন্দা আব্দুল কাদের পেশায় ড্রাইভার। স্ত্রী মহিসিনা খাতুন জানান, তিন মাস আগে কুকুরে কামড় দেওয়ার পরে তাঁর স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে ভ্যাকসিন নিতে বলেছিলেন ডাক্তার। কিন্তু কথা শোনেননি তিনি। মহিসিনা বলেন, ’’রসগোল্লার সঙ্গে থানকুনি পাতা বেটে খালিপেটে তিন দিন খেলেই নাকি জলাতঙ্ক সেরে যায়। এই বলে এই সব খায়। এরপর থেকে ক্রমেই দুর্বল হতে থাকে। কিছুদিন আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করলে গত পরশু মারা যান।’’
এইভাবে জীবন দিয়ে আব্দুল কাদের গোয়ার্তুমির মাসুল দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।