
শেষ আপডেট: 6 September 2019 06:06
শুক্রবার সকাল ছটা নাগাদ গড়শালবনির জঙ্গল থেকে বেরিয়ে পাঁচ নম্বর রাজ্যসড়কের উপর উঠে আসে একটি দাঁতাল। লোধাশুলি পার হয়ে ঝাড়গ্রাম ঢোকার মুখে হাতি দেখে দাঁড়িয়ে পড়ে সমস্ত যানবাহন। আর এই সমস্ত দাঁড়িয়ে থাকা যানবাহনের সামনে ঘুরে ঘুরেই চলে খাবারের খোঁজ। কখনও থেমে থাকা বাসের যাত্রীদের কাছ থেকে খাবার সংগ্রহের চেষ্টা। কখনও দাঁড়িয়ে পড়া ট্রাকে বস্তাবন্দি শস্যভাণ্ডারে হামলা চালাতে চলে দড়ি ত্রিপল খোলার চেষ্টা।
দাঁত দিয়ে বস্তা ফুটো করে কিছু চাল ডাল নামাতে পারলেও তা মনের মতো হয়নি। জঙ্গলে ফিরে যাওয়ার আগে তাই একটি ওষুধবোঝাই পিকআপ ভ্যানই উল্টে দেয়।
এলাকার লোকজন জানাচ্ছেন, গড় শালবনিতে রাস্তা আটকে হাতির খাবারের খোঁজ নতুন কিছু না। এর আগেও বহুবার খাবারের জন্য রাস্তা আটকেছে হাতি। বেশ কিছুদিন আগে খাবার না পেয়ে একটি মোটরবাইকও ভেঙেছে। তাঁরা বলেন, “এগুলি এখানকার রেসিডেন্সিয়াল হাতি হয়ে গিয়েছে। এই জঙ্গলে তিন থেকে চারটি রেসিডেন্সিয়াল হাতি রয়েছে। মাঝে মাঝেই এই হাতিগুলি খাবারের জন্য গ্রামে ঢুকে পড়ে। কারও বাড়ির চাল ভাঙে, কারও বাড়ির দরজা। তখন বনদফতরে খবর দেওয়া হয়।”
ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হল্লাইচি বলেন, "জঙ্গলের হাতিকে তো আটকে রাখা যায় না। খাবারের অভাব হলেই লোকালয়ে ঢুকে পড়ে। আজকের ঘটনাও তেমনই। এ দিনও খবর পেয়েই বন দফতরের লোকজন ঘটনাস্থলে পৌঁছোয়। তবে নিজে থেকেই জঙ্গলে ঢুকে যায় হাতিটি।"