দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : ধান থেকে চাল তৈরি করে তা ফেরত দেওয়ার কথা ছিল সরকারের ঘরে। কিন্তু ধান নেওয়ার পরে আর সে পথে হাঁটেননি। বরং কয়েক কোটি টাকার ধান খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক রাইস মিলের মালিকের বিরূদ্ধে।
পুলিশকে বিষয়টি জানানো হতেই অভিযুক্ত মনোতোষ দাস গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। পরে এই মামলার তদন্ত ভার নেয় সিআইডি। তারপরেও দীর্ঘদিন ধরে চলে চোর পুলিশ খেলা। অবশেষে মঙ্গলবার অভিয়ুক্ত রাইস মিলের মালিককে গ্রেফতার করেন সিআইডির আধিকারিকরা। ভুপতিনগর থানার কিসমত পাটনা গ্রামে তাঁর বাড়ি বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলে বিচারক তাঁকে ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।
সিআইডির আধিকারিক ডি শর্মা জানান, গত বছর রাজ্য সরকারের খাদ্য দফতর অভিযুক্ত মনোতোষের সংস্থা শ্রীরাম মিনি রাইস মিলকে কয়েক হাজার ক্যুইন্টাল ধান দিয়েছিল চাল তৈরি করার জন্য। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা। কিন্তু সেই ধান থেকে তৈরি চাল আর সরকারের ঘরে ফিরে যায়নি। উল্টে সেই চাল খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই রাইস মিলের মালিকের বিরুদ্ধে। ঘটনাটি নজরে আসতেই এ বছরের ৪ ফেব্রয়ারি খাদ্য দফতরের তরফে রাজ্য গোয়েন্দা দফতরে অভিযোগ জানানো হয়। তারপর থেকেই বেপাত্তা ছিলেন মনোতোষ। তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় হানা দেওয়া চলছিল।
অবশেষে মঙ্গলবার ভুপতিনগর এলাকা থেকেই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। তবে কোটি কোটি টাকার সরকারি চাল কোথায় গেল তা এখনও পরিষ্কার নয়। অভিয়ুক্তকে জেরা করেই তার সন্ধান মিলবে বলে আশা গোয়েন্দাদের।