ডাম্পিং গ্রাউন্ড তৈরি ঘিরে রণক্ষেত্র মাঝেরডাবরি চা বাগান
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: জমি অধিগ্রহণের সময় বাধা এসেছিল। সেই বাধা কাটিয়েই এগিয়েছিল প্রশাসন। তবে রীতিমতো সংঘর্ষ বেধে গেল সীমানা পাঁচিল দেওয়ার সময়। পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ ঘিরে বুধবার রণক্ষেত্রের
শেষ আপডেট: 4 December 2019 12:05
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: জমি অধিগ্রহণের সময় বাধা এসেছিল। সেই বাধা কাটিয়েই এগিয়েছিল প্রশাসন। তবে রীতিমতো সংঘর্ষ বেধে গেল সীমানা পাঁচিল দেওয়ার সময়। পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ ঘিরে বুধবার রণক্ষেত্রের চেহারা নিল আলিপুরদুয়ারের মাঝেরডাবরি।
গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প হলে দূষণ ছড়াবে। তাই যখন জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছিল, তখন থেকেই বাধা দিচ্ছিলেন তাঁরা। তবে পরে এলাকাবাসীর সঙ্গে কথা বলেই এই কাজ শুরু হয় বলে প্রশাসনের বক্তব্য। কিন্তু বুধবার সকালে বরাত পাওয়া ঠিকাদার সংস্থা পাঁচিল দেওয়ার কাজ শুরু করতেই বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা।

অশান্তির খবর পেয়ে পুলিশ পৌঁছতেই জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। স্থানীয় ঠিকাদারের অফিস ভাঙচুর করে বাসিন্দারা। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা। তির ছোড়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাসের শেল ফাটায় পুলিশ। ঘটনাস্থলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদমাধ্যমের বেশ কয়েকজন প্রতিনিধি জখম হন।
পুলিশের তাড়ায় ওই এলাকা থেকে সরে গিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে বাসিন্দারা। অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসীকে গ্রেফতার করেছে আলিপুরদুয়ার থানা পুলিশ।