দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ফের বিস্ফোরণ ৷ মল্লারপুরের ক্লাবের পর এ বার লাভপুরের একটি বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে। বিস্ফোরণে ভেঙে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রের একাংশ। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
বৃহস্পতিবার ভোররাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে লাভপুরের দাঁড়কা গ্রাম। ঘুম ভেঙে ছোটাছুটি শুরু করেন মানুষজন। তখনই বুঝতে পারেন বিস্ফোরণ ঘটেছে বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে। খবর পেয়ে পুলিশ আসে। তবে হতাহতের কোনও খবর নেই এখনও। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। প্রাথমিক সন্দেহ প্রচুর বোমা মজুত করা হয়েছিল ওই বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে।
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্বে ওই স্বাস্থ্যকেন্দ্রটি। বহুদিন যাবত বন্ধ হয়ে পড়ে রয়েছে। কিন্তু মাঝেমধ্যেই সেখানে লোকজনের আনাগোনা দেখতে পান তাঁরা। তবে কারা সেখানে বোমা মজুত করেছিল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
২০১৭ সালে এই দাঁড়কা গ্রামেই বিস্ফোরণে উড়ে গিয়েছিল একটি বাড়ি। মৃত্যু হয়েছিল ন’জনের। বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ। বাসিন্দারা জানান, সে বার ন জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। তবে মৃতের সংখ্যা আরও বেশি ছিল বলেই তাঁদের আশঙ্কা।
শনিবার রাত আটটা নাগাদ বীরভূমের মল্লারপুরে মেঘদুত নামে একটি ক্লাবে বিস্ফোরণ হয়। তিনতলা ওই ক্লাবের একতলার পিছনের অংশে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মল্লারপুর থানার পুলিশ। কীভাবে ওই বিস্ফোরণ হলো, তার তদন্ত এখনও চলছে। তারই মধ্যে এ বার বিস্ফোরণ লাভপুরে।