এসডিওর কাছে পদত্যাগপত্র পাঠালেন হরিণঘাটার পুরপ্রধান
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া : শেষপর্যন্ত সরেই যেতে হল হরিণঘাটার পুরপ্রধান রাজীব দালালকে। মঙ্গলবার এসডিওর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন রাজীববাবু। কিন্তু সূত্র বলছে অন্য কথা।
চার বছর আগে হরিণঘাটা পু
শেষ আপডেট: 4 July 2019 11:02
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া : শেষপর্যন্ত সরেই যেতে হল হরিণঘাটার পুরপ্রধান রাজীব দালালকে। মঙ্গলবার এসডিওর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন রাজীববাবু। কিন্তু সূত্র বলছে অন্য কথা।
চার বছর আগে হরিণঘাটা পুরসভা গঠনের পরে ১৭টা আসনের সবকটিতেই জয়ী হয়েছিল তৃণমূল। পুরপ্রধান নির্বাচিত হন রাজীব দালাল। সেই সময় থেকেই দলের কাউন্সিলরদের অনেকেই পুরপ্রধান হিসেবে তাঁকে মেনে নিতে পারেননি বলে জানা গেছে। দিন যত গড়িয়েছে, রাজীববাবুকে নিয়ে বিতর্ক তত বেড়েছে। অভিযোগ, নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্ন গন্ডগোলে জড়িয়ে পড়েন তিনি। তাই তাঁকে ঘিরে কাউন্সিলরদের অসন্তোষ বারবার প্রকাশ্যে চলে আসে।

লোকসভা ভোটে হরিণঘাটা পুর এলাকায় শোচনীয় ফল হয় তৃণমূলের। এই পরাজয়ের দায়ভার তাঁরই কাঁধে চাপায় দল। লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই তৃণমূলের সাত কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। আরও এক কাউন্সিলর বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে বলে খবর। এই পরিস্থিতিতেই গত ২৮ জুন কাউন্সিলরদের বৈঠকে ঠিক হয় রাজীব দালালকে পুরপ্রধানের পদ থেকে সরানো হবে। তারপরেই পদত্যাগ পত্র পাঠান তিনি। তবে রাজীব দালাল নিজে বলেন, স্বেচ্ছাতেই পদত্যাগ করেছেন তিনি।
সূত্রের খবর, দলের কাউন্সিলরদের দলে আটকাতেই তড়িঘড়ি বোর্ড অব কাউন্সিল এর মিটিং ডেকে সরানো হয়েছে পুরপ্রধানকে। বর্তমানে এই পুরসভার সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন উপপ্রধান সঞ্জীব রাম।