দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান : সকালের রান্না চলছিল। এ সময় আচমকাই ফাটল গ্যাস সিলিন্ডার। আগুনে পুড়ে জখম হলেন ঘরে থাকা আট শ্রমিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সালানপুর থানার অন্তর্গত পিঠাকেয়ারি বৃন্দাবনী গ্রামে সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এনটিপিসির পাওয়ার গ্রিডে স্ক্র্যাপ লোহা কাটার কাজ করতে এসেছিলেন ঠিকাদার সংস্থার ওই শ্রমিকরা। বৃন্দাবনী গ্রামে একটি ভাড়াবাড়িতে থাকতেন তাঁরা। সেখানে আজ সকালে কাজে বের হওয়ার আগে রান্না করছিলেন ওই তাঁরা। তখনই হঠাৎ বিকট শব্দ করে গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই, যে বাড়িটির ছাদ উড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে জখম হয়েছেন মোট আটজন শ্রমিক।
বিকট আওয়াজ শুনে ছুটে যান আশেপাশের লোকজন। তাঁরাই জখম শ্রমিকদের প্রথমে পিঠাইকেয়ারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁদের পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। এখানকার বার্ন ইউনিটে এখন চিকিৎসাধীন রয়েছেন ওই শ্রমিকরা। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালসূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। আহত শ্রমিকদের কথা বলার মতো পরিস্থিতি হলে তবেই ঘটনা সম্পর্কে আরও জানা যাবে। জখম আটজনের নাম গোবিন্দ তাঁতি (৩২),পবন রায় (৩৮), সুধাস্বর সিং (৩৮), সঞ্জিত সিং (৩২), তিরাত যাদব (৩০), রামু যাদব (৫৫), কালেশ্বর যাদব (৩২) এবং পারস যাদব (৩০)। এদের মধ্যে সঞ্জিত সিংয়ের অবস্থা আশঙ্কাজনক। এঁরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের বাসিন্দা।