এই স্কুলের সামনেই বিস্ফোরণ ঘটে
শেষ আপডেট: 22 November 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের সামনে রাখা ছিল স্টোন চিপের স্তূপ। সেখানেই তার পড়ে থাকতে দেখে হাত দিয়ে টানতেই 'বিস্ফোরণ'! ঘটনায় বনগাঁর খরুয়া রাজাপুর হাইস্কুলের পঞ্চম শ্রেণির দুই ছাত্র আহত হয়েছে। কীভাবে এই ঘটনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশের দাবি সবটা খতিয়ে দেখা হচ্ছে।
খরুয়া রাজাপুর হাইস্কুলে এদিন যখন টিফিনের সময় হয়, সেই সময় পঞ্চম শ্রেণির ছাত্ররা বাইরে বেরিয়ে আসে। স্কুলের সামনে পাথর ফেলা ছিল। তাতে একটি তার বেরিয়ে থাকতে দেখে এক ছাত্র ধরতে যায়। তখনই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এক ছাত্রের হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। অপর এক ছাত্রও জখম।
আহত দু'জনকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়ে। এক ছাত্রের ৩টি আঙুলে সেলাই পরেছে বলে জানা গেছে স্কুল সূত্রে। তবে, ওই স্টোন চিপসের মধ্যে কারা বিস্ফোরক রেখে গেল তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ এখনও অন্ধকারে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশকে ভাবাচ্ছে আজ সকালেই স্কুলের সামনে স্টোন চিপস ফেলা হয়েছিল। তার মধ্যেই বিস্ফোরক রাখল কারা। ঘটনায় আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ।