
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 19 February 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: গরমের সময় রেলযাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ স্টেশনে বসানো হয়েছিল ঠান্ডা পানীয় জলের কিয়স্ক। কিন্তু সেই কিয়স্ক থেকে উধাও জলের কল! ফলে অকেজো হয়ে পড়ে রয়েছে ওই কিয়স্ক। ঠান্ডা জল থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা।
ঘটনাস্থল, পূর্ব রেলের শিয়ালদহ স্টেশন। সূত্রের খবর, এবিষয়ে রেল যাত্রীদের তরফে বাংরবার শিয়ালদহ স্টেশন কর্তৃপক্ষকে চিঠি লিখেও সমস্যার সমাধান হয়নি। সম্প্রতি এ ব্যাপারে এক রেলযাত্রীর চিঠি ঘিরে শোরগোল পড়েছে শিয়ালদহ জিআরপিতে।
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন পূর্ব রেলের অন্যতম বড় জংশন শিয়ালদহ দিয়ে। সেজন্য ২৪ ঘণ্টায় শিয়ালদহ স্টেশনের নিরাপত্তায় থাকে রেল পুলিশও।
সূত্রের খবর, শিয়ালদহ জিআরপিকে লেখা চিঠিতে ওই যাত্রী অবিলম্বে ঠান্ডা জলের কল লাগানোর আবেদন জানানোর পাশাপাশি আক্ষেপের সুরে লিখেছেন, 'আপনারা এতজন শিয়ালদহ স্টেশনের পাহারায় থাকেন, অথচ একটা কল সামলাতে পারেন না!"
সূত্রের খবর, রেলযাত্রীর এহেন চিঠি ঘিরেই জিআরপির অন্দরে শোরগোল তৈরি হয়েছে। রেলযাত্রীর এহেন বয়ান যাকে বলে পুলিশ কর্তাদের অনেকের 'আঁতে ঘা' দিয়েছে। একান্ত আলাপচারিতায় তাঁরা বলছেন, "কথাটা শুনতে খারাপ লাগলেও ওই রেলযাত্রী খুব একটা ভুল বলেননি। অবশ্যই আমাদের গাফিলতি রয়েছে।"
রেল পুলিশের মতে, শিয়ালদহ স্টেশন চত্বরে একাংশ নেশাড়ির উপদ্রবও রয়েছে। তাদেরই কেউ সম্ভবত জলের কলের মুখ খুল নিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। শীঘ্রই ওই পানীয় জলের কিয়স্ক ঠিক করার পাশাপাশি ফের যাতে জলের কল চুরি না হয়, এ ব্যাপারে নজরদারিও বাড়ানো হবে।