দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থা আর আর্থিক দুর্নীতির অভিযোগে জেরবার সুইডিশ অ্যাকাডেমি। তাই এবছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না কাউকে। আগামী বছর একসঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের পুরস্কার দেওয়া হবে।
গত ৭০ বছরে এই প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া স্থগিত রইল।
এর আগে সাতবার, ১৯১৫, ১৯১৯, ১৯২৫, ১৯২৬, ১৯২৭, ১৯৩৬ ও ১৯৪৯ সালে নোবেল পুরস্কার প্রদান স্থগিত রাখা হয়েছিল। এর মধ্যে পাঁচবার দু'বছরের পুরস্কার একসঙ্গে দেওয়া হয়েছিল।
গত নভেম্বর থেকেই বিতর্ক তাড়া করছে সুইডিশ অ্যাকাডেমিকে। ওই সময় `মি টু' ক্যাম্পেনের সঙ্গে সঙ্গতি রেখে সুইডেনের এক সংবাদপত্র ১৮ মহিলার বিবৃতি প্রকাশ করে। তাঁদের দাবি, জ্যাঁ ক্লোড আর্নল্ট নাম এক বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী তাঁদের ধর্ষণ, যৌন হেনস্থা ও নানাভাবে হয়রান করেছেন।
আর্নল্টের স্ত্রী হলেন সুইডেনের বিশিষ্ট কবি ক্যাটরিনা ফ্রস্টেনসন। তিনি সুইডিশ অ্যাকাডেমির সদস্য। তাঁর স্বামীর সম্পর্কে আপত্তিকর তথ্য প্রকাশ্যে আসতেই অ্যাকাডেমির ১৮ জন সদস্যের মধ্যে শুরু হয় বিতর্ক। এর জেরে ছ’জন পদত্যাগ করেন। তাঁদের মধ্যে আছেন অ্যাকাডেমির স্থায়ী সম্পাদক সারা দানিউস।
পরে অ্যাকাডেমির অন্তর্বর্তী স্থায়ী সম্পাদক আন্দ্রেস ওলসন বলেন, সুইডিশ অ্যাকাডেমির সক্রিয় সদস্য মাত্রেই জানেন, এই সংস্থার প্রতি মানুষের আস্থার অভাব দেখা দিয়েছে। সেই আস্থা ফিরিয়ে আনতে গেলে ব্যাপক পরিবর্তন আনা দরকার। তার জন্য প্রয়োজনীয় সময় চাই। সেই কাজটি শেষ না হলে নতুন পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা সম্ভব নয়।