
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 16 December 2024 12:09
দ্য ওয়াল ব্যুরো: প্রাপ্য দাবি আদায়ের জন্য আগামী রবিবার নবান্নের সামনে ধর্নায় বসতে চায় সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।
পুলিশ ধর্নায় অনুমতি দিচ্ছে না, এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করতে চেয়ে আবেদন জানাল সংগঠন। মামলা করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার মামলার শুনানি।
বকেয়া ডিএ ও শূন্যপদে নিয়োগের দাবিকে সামনে রেখে সপ্তাহ দুয়েক আগেও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।
চলতি মাসের ২২ থকে ২৪ তারিখ, তিনদিনব্যাপী এই অবস্থান বিক্ষোভ করার পরিকল্পনা করেছে তারা। ২৭ তারিখ মহামিছিলও করার কথা বলা হয়েছে। সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু করে মিছিল যাবে শহিদ মিনার পর্যন্ত। তারপরই সেখানে হবে অবস্থান বিক্ষোভ।
দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে। ৩৯ শতাংশ বকেয়া ডিএ অবিলম্বে দেওয়ার দাবিতে ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে লোক নিয়োগ করার দাবিতে ফের তারা জোরদার লড়াইয়ের পথে। নবান্নের বিরুদ্ধে লড়াইয়ে এবার দুয়ারে অবস্থান কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের।